প্রথম পাতা খবর গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য কেন্দ্রের আর্থিক সহায়তা: প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় মিলবে ৫০০০ থেকে ৬০০০ টাকা

গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য কেন্দ্রের আর্থিক সহায়তা: প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় মিলবে ৫০০০ থেকে ৬০০০ টাকা

27 views
A+A-
Reset

কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে গর্ভবতী ও প্রসূতি মহিলাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হল প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা (Pradhan Mantri Matru Vandana Yojana)। এই প্রকল্পের মাধ্যমে গর্ভাবস্থার সময়ে আর্থিক সমস্যার মুখে পড়া মহিলাদের সাহায্য করা হয়।

গর্ভাবস্থায় অনেক মহিলাই কাজ করতে পারেন না বা আগের মতো আয় বজায় রাখতে অসুবিধার মুখে পড়েন। সেই পরিস্থিতিতে কিছুটা আর্থিক স্বস্তি দিতেই কেন্দ্র সরকার এই প্রকল্প চালু করেছে। নির্দিষ্ট শর্ত পূরণ করলে গর্ভবতী ও সদ্য মা হওয়া মহিলারা এই সুবিধা পেতে পারেন।

প্রথম সন্তানের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মোট ৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা দুই ধাপে প্রদান করা হয়। গর্ভাবস্থার রেজিস্ট্রেশনের সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা স্বাস্থ্যকেন্দ্রে নাম নথিভুক্ত করলে প্রথম কিস্তিতে ৩ হাজার টাকা দেওয়া হয়। এরপর সন্তানের জন্ম এবং প্রাথমিক টিকাকরণ সম্পূর্ণ হলে বাকি ২ হাজার টাকা প্রদান করা হয়।

অন্যদিকে, দ্বিতীয় সন্তান যদি কন্যা হয়, তাহলে এককালীন ৬ হাজার টাকা দেওয়া হয়। এই অর্থ প্রসবের পর সরাসরি মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।

এই প্রকল্পের অর্থ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) ব্যবস্থার মাধ্যমে আধার-লিঙ্ক করা ব্যাঙ্ক বা পোস্ট অফিসের অ্যাকাউন্টে সরাসরি জমা হয়। ফলে মধ্যস্থতাকারীর ঝামেলা ছাড়াই উপভোক্তারা সরাসরি সুবিধা পান।

এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৯ বছর হতে হবে। আবেদনকারীকে গর্ভবতী বা প্রসূতি হতে হবে এবং গর্ভাবস্থার কারণে আয়ের উপর প্রভাব পড়তে হবে। তবে কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মী এবং সরকারি সংস্থায় কর্মরত মহিলারা এই প্রকল্পের আওতায় সুবিধা পান না।

আবেদনের জন্য প্রয়োজন হয় আধার কার্ড, মা ও শিশু সুরক্ষা কার্ড এবং ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবুক। যোগ্য মহিলারা নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সরকারি স্বাস্থ্যকেন্দ্র অথবা অনলাইনে PMMVY Portal-এর মাধ্যমে আবেদন করতে পারেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.