প্রথম পাতা খবর  ৩১ মার্চের পর ১২ লক্ষ গ্রাহকের খাদ্য সরবরাহ বন্ধের হুঁশিয়ারি কেন্দ্রের

 ৩১ মার্চের পর ১২ লক্ষ গ্রাহকের খাদ্য সরবরাহ বন্ধের হুঁশিয়ারি কেন্দ্রের

13 views
A+A-
Reset

রেশন গ্রাহকদের তথ্য যাচাই নিয়ে কড়া অবস্থান নিল কেন্দ্রীয় সরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হলে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় ভরতুকির খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হবে বলে সতর্কবার্তা দিয়েছে কেন্দ্র। এর জেরে পশ্চিমবঙ্গে প্রায় ১২ লক্ষ রেশন গ্রাহকের খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, দেশের বিভিন্ন রাজ্যে ‘সন্দেহজনক’ রেশন কার্ডধারীদের তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী, গোটা দেশে প্রায় ৫ কোটি ৯৫ লক্ষ গ্রাহকের তথ্য যাচাইয়ের কাজ চলছে। এখনও পর্যন্ত প্রায় ৪ কোটি ১৬ লক্ষ গ্রাহকের যাচাই সম্পন্ন হয়েছে, যা মোটের ৬৯ শতাংশ। এর মধ্যে প্রায় ২ কোটি ১৫ লক্ষ কার্ড বাতিল হয়েছে এবং ২ কোটি ১ লক্ষ কার্ড বৈধ বলে নিশ্চিত হয়েছে।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ১৭ লক্ষের বেশি রেশন গ্রাহকের তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এখনও পর্যন্ত মাত্র সাড়ে ৪ লক্ষের মতো গ্রাহকের তথ্য যাচাই হয়েছে, যা প্রায় ৩১ শতাংশ। এর মধ্যে প্রায় ৩ লক্ষ ৫৮ হাজার কার্ড বাতিল হয়েছে এবং প্রায় ১ লক্ষ ৮৭ হাজার গ্রাহক বৈধ বলে চিহ্নিত হয়েছেন। ফলে এখনও প্রায় ১২ লক্ষেরও বেশি রেশন কার্ডের তথ্য যাচাই বাকি রয়েছে।

কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের সাম্প্রতিক বৈঠকে জানানো হয়েছে, ৩১ মার্চের মধ্যে অন্তত ৯০ শতাংশ যাচাই সম্পন্ন করতে হবে। তা না হলে যাঁদের তথ্য যাচাই বাকি থাকবে, তাঁদের জন্য ভরতুকির খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হতে পারে।

রাজ্য খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এসআইআর এবং নির্বাচনী প্রক্রিয়ার কারণে যাচাইয়ের কাজ কিছুটা ধীর হয়েছে। ভোটপর্ব শেষ হলে এই কাজ দ্রুত সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে, রেশন ডিলারদের সংগঠনের পক্ষ থেকে আরও সময় দেওয়ার দাবি জানানো হয়েছে কেন্দ্রের কাছে। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্র ভরতুকি কমানোর লক্ষ্যেই এই ধরনের পদক্ষেপ করছে। যদিও কেন্দ্র ভরতুকি বন্ধ করলেও রাজ্য সরকার চাল সরবরাহ চালিয়ে যেতে পারে, কারণ তা রাজ্যের তরফেই দেওয়া হয়। তবে গম সরবরাহে সমস্যা দেখা দিতে পারে, কারণ সেটি কেন্দ্রের উপর নির্ভরশীল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.