গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মানুষ কিছুটা স্বস্তি পেয়েছিলেন গরমের হাত থেকে। তবে সেই আরাম বেশিদিন স্থায়ী হচ্ছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। বরং আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এর ফলে গরমের পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে।
হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। যদিও কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে তা গরম কমানোর মতো নয়। কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি একেবারেই আলাদা। মঙ্গলবার থেকেই সেখানে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস।
বুধবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গেও ধীরে ধীরে ঝড়বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে পূর্বাভাস। আবহাওয়াবিদদের মতে, এই মুহূর্তে দক্ষিণবঙ্গে গরম ও আর্দ্রতার দাপট বাড়লেও উত্তরবঙ্গে বৃষ্টির জেরে স্বাভাবিক জনজীবনে প্রভাব পড়তে পারে।