প্রথম পাতা খবর ২০ হাজার টাকা পর্যন্ত বেতনে প্রফেশনাল ট্যাক্স নয়, নতুন কর কাঠামো প্রকাশ নবান্নের

২০ হাজার টাকা পর্যন্ত বেতনে প্রফেশনাল ট্যাক্স নয়, নতুন কর কাঠামো প্রকাশ নবান্নের

12 views
A+A-
Reset

রাজ্যে সংশোধিত প্রফেশনাল ট্যাক্সের নতুন কাঠামো প্রকাশ করল নবান্ন। বেতনভোগী কর্মচারী, ব্যবসায়ী এবং বিভিন্ন স্বাধীন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আয়ের ভিত্তিতে নতুন করের হার নির্ধারণ করা হয়েছে। অর্থ দফতরের সচিব সঞ্জয় বনশলের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, চাকরিজীবী এবং নির্দিষ্ট কিছু বাণিজ্যিক পেশার ক্ষেত্রে নতুন কাঠামো কার্যকর হবে আগামী ১ অক্টোবর থেকে। ব্যবসায়ী এবং সাধারণ স্বাধীন পেশার করদাতাদের ক্ষেত্রে তা কার্যকর হবে ২০২৭ সালের ১ এপ্রিল থেকে।

নতুন কাঠামোয় বেতনভোগীদের জন্য সবচেয়ে বড় পরিবর্তন হল করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি। এতদিন মাসিক ১০ হাজার টাকার বেশি বেতন হলে প্রফেশনাল ট্যাক্স দিতে হত। সংশোধিত নিয়মে মাসে ২০ হাজার টাকা পর্যন্ত বেতনে কোনও প্রফেশনাল ট্যাক্স দিতে হবে না

এর বেশি বেতনের ক্ষেত্রে ধাপে ধাপে কর নির্ধারণ করা হয়েছে। নতুন হার অনুযায়ী—

  • ২০,০০১ থেকে ৩০,০০০ টাকা মাসিক বেতনে প্রফেশনাল ট্যাক্স ১০০ টাকা
  • ৩০,০০১ থেকে ৫০,০০০ টাকা বেতনে ১৪০ টাকা
  • ৫০,০০১ থেকে ১ লক্ষ টাকা বেতনে ১৭০ টাকা
  • ১ লক্ষ টাকার বেশি মাসিক বেতনে ২০৮ টাকা প্রতি মাসে প্রফেশনাল ট্যাক্স দিতে হবে।

শুধু চাকরিজীবী নয়, স্বাধীন পেশায় যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও বদল আনা হয়েছে। তাঁদের ক্ষেত্রে বার্ষিক আয়ের ভিত্তিতে কর নির্ধারণ করা হয়েছে। আড়াই লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে সম্পূর্ণ কর ছাড় থাকছে। আড়াই থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে দিতে হবে ১ হাজার টাকা। পাঁচ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে করের পরিমাণ ২ হাজার টাকা। ২০ লক্ষ টাকার বেশি বার্ষিক আয়ের ক্ষেত্রে দিতে হবে ২,৫০০ টাকা

ব্যবসায়ীদের ক্ষেত্রেও নতুন কাঠামো ঘোষণা করেছে রাজ্য। পণ্য বা পরিষেবা ব্যবসার ক্ষেত্রে বার্ষিক ১০ লক্ষ টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত রাখা হয়েছে। এর বেশি লেনদেন হলে নির্দিষ্ট কাঠামো অনুযায়ী প্রফেশনাল ট্যাক্স দিতে হবে।

এ ছাড়াও নির্দিষ্ট কয়েকটি পেশা ও ব্যবসার ক্ষেত্রে বছরে এককালীন ২,৫০০ টাকা প্রফেশনাল ট্যাক্স বাধ্যতামূলক করা হয়েছে। এই তালিকায় ইতিমধ্যেই থাকা শপিং মল ও মাল্টিপ্লেক্সের দোকান, এসি রেস্তোরাঁ, বিউটি পার্লার, জিম, নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার, পেট্রোল পাম্প, বিভিন্ন সংস্থার ডিরেক্টর এবং রিয়েল এস্টেট ব্যবসার পাশাপাশি এবার আধুনিক তথ্যপ্রযুক্তি ক্ষেত্রকেও যুক্ত করা হয়েছে।

নতুন তালিকায় ক্লাউড কম্পিউটিং, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, ওটিটি প্ল্যাটফর্মের প্রযোজনা, অনলাইন এডুকেশন এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সি-র মতো পেশা ও ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও রয়েছেন। তাঁদের নির্দিষ্ট কর কাঠামো অনুযায়ী প্রফেশনাল ট্যাক্স দিতে হবে।

নতুন কর কাঠামো নিয়ে কারও কোনও আপত্তি, পরামর্শ বা মতামত থাকলে তা সরকারকে জানানোর সুযোগও রাখা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৪ দিনের মধ্যে সংশ্লিষ্টরা তাঁদের মতামত জানাতে পারবেন।

নতুন কাঠামোর মাধ্যমে একদিকে কম আয়ের বেতনভোগী ও পেশাজীবীদের উপর করের চাপ কমানো হয়েছে, অন্যদিকে নির্দিষ্ট কিছু পেশা ও ব্যবসাকে করের আওতায় এনে প্রফেশনাল ট্যাক্স ব্যবস্থাকে আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.