কলকাতা: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টির দাপট অব্যাহত। উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রপাত এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পাঁচ জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে রয়েছে হলুদ সতর্কতা।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বুধবার ও বৃহস্পতিবার দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। বৃহস্পতিবার পুরুলিয়া ও বাঁকুড়াতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গে আগামী সাত দিন জুড়েই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিঙেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের এই পাঁচ জেলাতেই আগামী কয়েক দিন সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, শনিবার ও রবিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং জেলায় প্রবল বর্ষণ হতে পারে। কোথাও কোথাও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও আগামী সাত দিন ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে।
তবে বৃষ্টির দাপট চললেও আগামী কয়েক দিনে রাজ্যের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।