প্রথম পাতা খেলা এশিয়ান গেমসের ক্রিকেট সূচি প্রকাশ, একাধিক ভারত-পাক মহারণের সম্ভাবনা

এশিয়ান গেমসের ক্রিকেট সূচি প্রকাশ, একাধিক ভারত-পাক মহারণের সম্ভাবনা

7 views
A+A-
Reset

এশিয়ান গেমস ২০২৬-এর ক্রিকেট প্রতিযোগিতার সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, পুরুষ ও মহিলা— দুই বিভাগেই ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও কোনও বিভাগেই গ্রুপ পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে একে অপরের বিরুদ্ধে রাখা হয়নি। তবে নকআউটের সমীকরণ মিলে গেলে সেমিফাইনাল বা ফাইনালে হতে পারে বহুল প্রতীক্ষিত ভারত-পাক দ্বৈরথ।

আগেই জানানো হয়েছিল, এবারের এশিয়ান গেমসে ক্রিকেটের সব ম্যাচই টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ম্যাচ আইসিসি স্বীকৃত পূর্ণ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে গণ্য হবে। প্রতিযোগিতার সব ম্যাচ অনুষ্ঠিত হবে জাপানের আইচি প্রদেশের কোরোগি অ্যাথলেটিক পার্কে।

আগে মাঠে নামবে মহিলা দল

মহিলাদের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর। এই বিভাগে অংশ নিচ্ছে আটটি দল এবং পুরো প্রতিযোগিতাই নকআউট পদ্ধতিতে হবে।

ভারত সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে অভিযান শুরু করবে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জাপান। সেই ম্যাচে জিতলে সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে বাংলাদেশ ও চিনের ম্যাচের বিজয়ী দল। অন্যদিকে, অপর অংশে রয়েছে শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া এবং পাকিস্তান বনাম থাইল্যান্ড।

ফলে মহিলাদের বিভাগে ভারত ও পাকিস্তান শুধুমাত্র ফাইনালে উঠতে পারলেই মুখোমুখি হবে। সেই সম্ভাব্য ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর

পুরুষদের বিভাগে আলাদা সমীকরণ

পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে ২৪ সেপ্টেম্বর এবং ফাইনাল হবে ১ অক্টোবর

ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সরাসরি মূল নকআউট পর্বে জায়গা পেয়েছে। বাকি ছয়টি দল প্রথমে বাছাইপর্বে খেলবে।

গ্রুপ ‘এ’-তে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। গ্রুপ ‘বি’-তে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান। এই ছয় দলের মধ্য থেকে চারটি দল মূল পর্বে উঠবে এবং তার পরেই নির্ধারিত হবে ভারত-সহ শীর্ষ চার দলের প্রতিপক্ষ।

নকআউটের ড্র অনুযায়ী, পুরুষদের বিভাগে ভারত ও পাকিস্তানের সেমিফাইনাল অথবা ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, চার বছর আগে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ক্রিকেটের পুরুষ ও মহিলা— দুই বিভাগেই সোনা জিতেছিল ভারত। এবারও সেই সাফল্য ধরে রাখাই টিম ইন্ডিয়ার প্রধান লক্ষ্য।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.