ভারতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা ও বিতর্ক চলছিল। শেষ পর্যন্ত সম্প্রচারের স্বত্ব পায় জি এন্টারটেইনমেন্ট। কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই সাবস্ক্রিপশনের উচ্চ মূল্য, লগইন সংক্রান্ত জটিলতা এবং স্ট্রিমিং সমস্যার কারণে ক্ষোভে ফেটে পড়েন অসংখ্য ফুটবলপ্রেমী। এরই মধ্যে বড় স্বস্তির খবর নিয়ে হাজির হয়েছে জিও।
বিশ্বকাপ শুরুর ঠিক আগে জিও এবং জি এন্টারটেইনমেন্টের মধ্যে নতুন চুক্তি হয়েছে। এর ফলে জিওফাইবার, জিও-এয়ারফাইবার এবং জিও সেট-টপ বক্স ব্যবহারকারীরা অতিরিক্ত খরচ ছাড়াই বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবেন।
বিশ্বকাপ সম্প্রচারের জন্য জি নেটওয়ার্ক চারটি নতুন স্পোর্টস চ্যানেল চালু করেছে। সেগুলি হল ইউনাইট৮ স্পোর্টস ১, ইউনাইট৮ স্পোর্টস ১ এইচডি, ইউনাইট৮ স্পোর্টস ২ এবং ইউনাইট৮ স্পোর্টস ২ এইচডি। জিওটিভি+ প্ল্যাটফর্মে এই চারটি চ্যানেলই উপলব্ধ থাকবে।
ডিজিটাল মাধ্যমে বিশ্বকাপ দেখতে জি৫ দুটি বিশেষ সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছিল। তিন মাসের প্ল্যানের মূল্য ৭৯৯ টাকা এবং এক বছরের প্ল্যানের মূল্য ১৬৯৯ টাকা। কিন্তু এই প্ল্যান নিয়েও শুরু হয় বিতর্ক। বহু ব্যবহারকারীর অভিযোগ, আগে একটি অ্যাকাউন্ট থেকে তিনজন একসঙ্গে লগইন করতে পারলেও হঠাৎ সেই সুবিধা তুলে নেওয়া হয়েছিল। পরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভের মুখে সেই সুবিধা ফের চালু করা হয়।
শুধু তাই নয়, যাঁদের আগে থেকেই জি৫-এর সক্রিয় সাবস্ক্রিপশন ছিল, তাঁদেরও বিশ্বকাপ দেখার জন্য আলাদা করে নতুন ৭৯৯ টাকার প্যাক কিনতে হয়েছে বলে অভিযোগ ওঠে। এর পাশাপাশি বাফারিং, ভিডিওর মান এবং স্ট্রিমিং সংক্রান্ত নানা প্রযুক্তিগত সমস্যার কথাও সামনে আসে।
এই পরিস্থিতিতে জিওর নতুন উদ্যোগ ফুটবলপ্রেমীদের কাছে বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। জিওফাইবার বা জিও-এয়ারফাইবার গ্রাহকরা জিওটিভি+ অ্যাপের মাধ্যমে সরাসরি ইউনাইট স্পোর্টস চ্যানেলগুলি দেখতে পারবেন। একই সুবিধা পাবেন জিও সেট-টপ বক্স ব্যবহারকারীরাও। সেট-টপ বক্সে থাকা জিওটিভি+ অ্যাপে নিজের জিও নম্বর দিয়ে লগইন করলেই বিশ্বকাপ উপভোগ করা যাবে।
বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে সম্প্রচার ও স্ট্রিমিং সংক্রান্ত সমস্যার কারণে যেখানে দর্শকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল, সেখানে জিওর এই পদক্ষেপ বহু ফুটবলপ্রেমীর জন্য বাড়তি খরচ ছাড়াই ম্যাচ দেখার নতুন সুযোগ এনে দিল।