তেরো বছর পর ফের বড়পর্দায় ফিরল ‘হাওয়া বদল’-এর জনপ্রিয় জুটি। শুক্রবার মুক্তি পেল ‘আবার হাওয়া বদল’। মুক্তির দিনেই দক্ষিণ কলকাতার একটি মাল্টিপ্লেক্সে ছবির প্রিমিয়ার শো ঘিরে জমে ওঠে তারকাদের আসর। অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবিটি ২০১৩ সালের জনপ্রিয় ছবি ‘হাওয়া বদল’-এর সিক্যুয়েল।
প্রথম ছবির মতোই এবারও মুখ্য চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ এবং রাইমা সেন। নতুন সংযোজন হিসেবে দেখা যাবে অনুষা বিশ্বনাথনকে। ছবির গল্প শুরু হয়েছে ঠিক সেখান থেকেই, যেখানে শেষ হয়েছিল প্রথম ‘হাওয়া বদল’।

ছবির মূল আকর্ষণ সেই পুরনো ‘সত্তা বদল’-এর ঘটনা। পরমব্রতের চরিত্রের সত্তা চলে আসে রুদ্রনীলের শরীরে, আর রুদ্রনীলের সত্তা স্থান নেয় পরমব্রতের শরীরে। এই অদ্ভুত পরিস্থিতি ঘিরেই তৈরি হয়েছে একের পর এক মজার ঘটনা, ভুল বোঝাবুঝি এবং হাস্যরসাত্মক পরিস্থিতি। নতুন করে প্রেম, সম্পর্ক ও পারিবারিক টানাপোড়েন ছবির গল্পকে আরও জমজমাট করে তুলেছে।

ছবিটির শুটিং হয়েছে মূলত লন্ডনে। এসকে মুভিজ প্রযোজিত এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।
যে পাঁচটি উল্লেখযোগ্য হলে চলছে ‘আবার হাওয়া বদল’—
- সাউথ সিটি মল (পিভিআর আইনক্স)
- ফোরাম রঙ্গোলি মল
- সিটি সেন্টার, সল্টলেক
- অ্যাক্রোপলিস মল
- নজরুলতীর্থ, নিউটাউন
প্রথম ছবির জনপ্রিয়তার পর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল ‘আবার হাওয়া বদল’। পুরনো জুটির রসায়ন এবং নতুন চরিত্রের সংযোজন দর্শকদের কতটা টানে, এখন সেদিকেই নজর টলিউডের।