প্রথম পাতা খবর ‘ইভিএমে কারচুপি করবে বলে আমি খবর পেয়েছি’! কমিশন-বিজেপিকে তোপ মমতার, ধরনামঞ্চ থেকে সরব মুখ্যমন্ত্রী

‘ইভিএমে কারচুপি করবে বলে আমি খবর পেয়েছি’! কমিশন-বিজেপিকে তোপ মমতার, ধরনামঞ্চ থেকে সরব মুখ্যমন্ত্রী

10 views
A+A-
Reset

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লি থেকে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার দিনভর রাজ্যের রাজনৈতিক দল এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেই সময়ই ধর্মতলার ধরনামঞ্চ থেকে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার অভিযোগ, রাজনৈতিকভাবে বাংলায় সফল হতে না পেরে ষড়যন্ত্র করে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বহু বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর দাবি, “এরা রাজনৈতিকভাবে কিছু করতে পারেনি বাংলায়। তাই চক্রান্ত করে এসআইআর করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে। ইভিএমে কারচুপি করবে বলে আমি খবর পেয়েছি। আমরা আগাম সতর্কতা নেব।”

বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “গণতন্ত্রে গ্রহণ লাগিয়েছে এরা।” একই সঙ্গে নতুন স্লোগান তুলে তিনি বলেন, “যতই ডাকো ইডি সিবিআই, ছাব্বিশে ভোটে হবে বাই বাই।”

এসআইআর প্রক্রিয়ার পরেও রাজ্যে এখনও প্রায় ৫০ লক্ষ ভোটারের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে বলে অভিযোগ শাসকদলের। যথাযথ নথিপত্র জমা দেওয়ার পরও বহু মানুষের নাম বাদ পড়েছে বলে দাবি তৃণমূলের। এই পরিস্থিতির প্রতিবাদে গত শুক্রবার থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী। সোমবারও তিনি ধরনামঞ্চ থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে মমতা বলেন, “বেচারা ভ্যানিশ কুমার। ভ্যানিশ করে দেবে সব। অনেককে ধমকেছেন বলেও শুনছি। বলছেন মে মাসের পরও অ্যাকশন নেবেন। আমি বলি, মে মাসের পর আপনি থাকবেন তো চেয়ারে?”

মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, মৃত ভোটারদের বিষয়েও কমিশনের তরফে কোনও মন্তব্য করা হয়নি। তাঁর কথায়, “অনেকে মারা গেছেন, তাঁদের জন্য একটি কথাও বলা হয়নি। ভোটের আগে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে কেন?”

ইভিএম কারচুপির আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি। মমতার দাবি, “কয়েকটি বিষয় আমাদের নজরে রাখতে হবে— ভোটারদের নাম কাটা হচ্ছে কি না, ইভিএমে কারচুপি হচ্ছে কি না। আমরা খবর পেয়েছি ইভিএমে কারচুপি করার চেষ্টা হতে পারে।” শেষে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে মুখ্যমন্ত্রী বলেন, “মানুষের ভোটে যদি জিততে চান, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিন। যাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তাঁরা সবাই ভারতীয়। তাঁদের ভোটাধিকার ফিরিয়ে দিন।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.