পশ্চিমবঙ্গের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে গুরুতর অভিযোগ তুললেন সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। বৃহস্পতিবার কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, “বিজেপি, কমিশন এবং তাদের সহযোগীরা মিলে পুরো ভোট প্রক্রিয়া দখল করেছে।”
অখিলেশের দাবি, শুধু পশ্চিমবঙ্গ নয়, উত্তরপ্রদেশেও নির্বাচনী প্রক্রিয়ায় ‘সন্ত্রাসের নানা উদাহরণ’ দেখা গিয়েছে। তাঁর অভিযোগ, ভোটের পুরো পদ্ধতিই বদলে দেওয়া হয়েছে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি সমর্থন করে কাউন্টিং সেন্টারের সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবিও তোলেন তিনি। অখিলেশ আরও বলেন, “দিদি এবং অভিষেকের নিরাপত্তাও এখন প্রশ্নের মুখে।”
সাংবাদিক বৈঠকে উঠে আসে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যার ঘটনাও। সেই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতকে নিশানা করে অখিলেশ বলেন, “এই হত্যাকাণ্ড কী ভাবে ঘটল, তার জবাব স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া উচিত।”
ভোটে বিপর্যয়ের পরেও তৃণমূল ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী অখিলেশ। তাঁর বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের মানুষ। তাঁকে মহিলা বলেই বেশি নিশানা করা হয়েছে।” একই সঙ্গে দেশের গণতান্ত্রিক পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ভোটাধিকার খর্ব হলে গণতন্ত্রের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে বলেও মন্তব্য করেন সমাজবাদী পার্টি নেতা।
উল্লেখযোগ্যভাবে, বুধবারই অখিলেশ যাদব ভোটকুশলী সংস্থা I-PAC-এর সঙ্গে সমাজবাদী পার্টির চুক্তি বাতিল করেছেন। আগামী উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফেব্রুয়ারিতে ওই চুক্তি হয়েছিল। রাজনৈতিক মহলের একাংশের মতে, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর নির্বাচনী ফলাফলের পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন অখিলেশ।