নিজস্ব সংবাদদাতা: আচমকাই ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের অভিজ্ঞ ব্যাটার তথা কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর অধিনায়ক অজিঙ্ক রাহানে। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিও বার্তায় তিনি আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করেন। এরপর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে, তা হলে কি আগামী দিনে আর আইপিএলেও দেখা যাবে না রাহানেকে?
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে রাহানে লিখেছেন, “Cap No. 278 signing off. Thank you for all the love and support through the years. Forever grateful.” অর্থাৎ, ভারতীয় দলের ২৭৮ নম্বর টেস্ট ক্যাপধারী হিসেবে দীর্ঘ ক্রিকেটজীবনের ইতি টানলেন তিনি।
ভিডিয়োয় রাহানেকে আবেগপ্রবণ অবস্থায় নিজের সিদ্ধান্তের কথা জানাতে দেখা যায়। তিনি বলেন, “জীবনের সার কথা হল, সব কিছুর যেমন শুরু আছে, তেমনই শেষও আছে। সময় এলে তাকে সম্মান জানিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। আমি ব্যাটিংয়ের সময় টাইমিংয়ের উপর গুরুত্ব দিতাম। তাই সময়ের গুরুত্ব জানি। আমার মনে হয়েছে, এগিয়ে যাওয়ার এটাই সেরা সময়। তাই আমি আন্তর্জাতিক ক্রিকেট ও ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি।”
যদিও নিজের বক্তব্যে তিনি কেকেআর বা আইপিএলের নাম আলাদা করে উল্লেখ করেননি। তবে ‘ক্রিকেটের সব ফরম্যাট’ থেকে অবসরের কথা বলায় অনেকেরই ধারণা, আইপিএল এবং ঘরোয়া ক্রিকেট থেকেও সরে দাঁড়াচ্ছেন তিনি।
রাহানের নেতৃত্বে গত দুই মরসুমে প্রত্যাশা পূরণ করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। সেই প্রেক্ষাপটে তাঁর ভবিষ্যৎ নিয়েও নানা জল্পনা চলছিল। ক্রিকেট মহলের একাংশের মতে, আগামী মরসুমের আগেই নিজেই অবসরের সিদ্ধান্ত নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটালেন তিনি।
যদি সত্যিই আইপিএল থেকেও অবসর নিয়ে থাকেন, তা হলে আগামী মরসুমের আগে নতুন অধিনায়ক বেছে নেওয়ার চ্যালেঞ্জের মুখে পড়বে কলকাতা নাইট রাইডার্স। এখন রাহানের সিদ্ধান্ত নিয়ে ফ্র্যাঞ্চাইজির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার দিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।