প্রথম পাতা খবর কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তদের ঢল, ১০-১৩ সেপ্টেম্বর হাওড়া-রামপুরহাট বিশেষ ট্রেন

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তদের ঢল, ১০-১৩ সেপ্টেম্বর হাওড়া-রামপুরহাট বিশেষ ট্রেন

10 views
A+A-
Reset

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তদের ঢল নামার আগেই বড় সিদ্ধান্ত পূর্ব রেলের। আগামী বৃহস্পতিবার তারাপীঠে বিশেষ পুজো। তার আগে থেকেই মন্দির চত্বরে বাড়ছে ভক্তদের ভিড়। পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখে আগামী ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া-রামপুরহাট রুটে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। পাশাপাশি রামপুরহাটের উপর দিয়ে যাওয়া একাধিক ট্রেনেও বাড়ানো হচ্ছে কোচের সংখ্যা।

হাওড়া থেকে কখন ছাড়বে বিশেষ ট্রেন?

পূর্ব রেলের সিদ্ধান্ত অনুযায়ী, ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আপ-ডাউনে একজোড়া বিশেষ ট্রেন চলবে।

হাওড়া থেকে বিশেষ ট্রেনটি দুপুর ১২টা ৫০ মিনিটে ছাড়বে। রামপুরহাটে পৌঁছবে বিকেল ৫টা ৩০ মিনিটে। অন্য দিকে, রামপুরহাট থেকে হাওড়ার উদ্দেশ্যে ট্রেনটি ছাড়বে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। হাওড়ায় পৌঁছবে রাত ১১টা ৪৫ মিনিটে

ফলে কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠগামী ভক্তদের যাতায়াতে অতিরিক্ত রেল পরিষেবা মিলবে।

একাধিক ট্রেনে বাড়ছে কোচ

শুধু বিশেষ ট্রেন নয়, রামপুরহাটের উপর দিয়ে চলাচলকারী একাধিক ট্রেনেও অতিরিক্ত দ্বিতীয় শ্রেণির কোচ যুক্ত করা হচ্ছে। বুধবার থেকেই কয়েকটি ট্রেনে এই অতিরিক্ত কোচের ব্যবস্থা করা হয়েছে।

আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেসে একটি করে অতিরিক্ত দ্বিতীয় শ্রেণির কোচ থাকবে। ১০ থেকে ১৪ সেপ্টেম্বর জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেসেও অতিরিক্ত কোচের ব্যবস্থা থাকছে।

ফেরার ভিড় সামলাতেও ব্যবস্থা

কৌশিকী অমাবস্যার পর ভক্তদের ফেরার চাপ বাড়তে পারে। সেই কথা মাথায় রেখে ১১ সেপ্টেম্বর, শুক্রবার হাওড়া-রামপুরহাট-হাওড়া শহিদ এক্সপ্রেসেও একটি অতিরিক্ত দ্বিতীয় শ্রেণির কোচ রাখা হচ্ছে।

রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই সময় নজরদারিও চালানো হবে।

শিয়ালদহ থেকেও বিশেষ ট্রেনের দাবি

কৌশিকী অমাবস্যা তারাপীঠের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি। এই উপলক্ষে শুধু বীরভূম বা আশপাশের জেলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং ভিনরাজ্য থেকেও বিপুল সংখ্যক ভক্ত তারাপীঠে আসেন। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠমুখী সড়কেও এই সময় যাত্রীদের চাপ কয়েক গুণ বেড়ে যায়।

এই পরিস্থিতিতে হাওড়া থেকে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্তে স্বস্তি মিললেও শিয়ালদহ থেকেও রামপুরহাটগামী বিশেষ ট্রেন চালানোর দাবি জানিয়েছে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। পুণ্যার্থীদের বাড়তি চাপ সামলাতে আরও রেল পরিষেবার প্রয়োজন রয়েছে বলেই মনে করছে মন্দির কমিটি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.