প্রথম পাতা খবর দেউলটি স্টেশনের নাম বদলে ‘শরৎচন্দ্র চট্টোপাধ্যায়’ করার দাবি, প্রস্তাব রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর দফতরে

দেউলটি স্টেশনের নাম বদলে ‘শরৎচন্দ্র চট্টোপাধ্যায়’ করার দাবি, প্রস্তাব রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর দফতরে

8 views
A+A-
Reset

হাওড়া: সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত দেউলটি স্টেশনের নাম তাঁর নামে করার দাবি উঠল। এই মর্মে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দফতরে প্রস্তাব জমা দিয়েছে অখিলভারত হিন্দুমহাসভার পশ্চিমবঙ্গ শাখা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছেও চিঠি দেওয়া হয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।

সংগঠনের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দিল্লিতে গিয়ে ডেপুটেশন দেয়। প্রস্তাবে দেউলটি রেলওয়ে স্টেশনের নাম বদলে ‘শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রেলওয়ে স্টেশন’ করার আবেদন জানানো হয়েছে।

সংগঠনের বক্তব্য, দেউলটির সঙ্গে শরৎচন্দ্রের গভীর সম্পর্ক রয়েছে। বাংলা সাহিত্যে তাঁর অবদান এবং এই এলাকার সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের কথা বিবেচনা করে স্টেশনের নাম তাঁর নামে রাখলে সাহিত্যিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে। পাশাপাশি বাংলার সাহিত্যিক ঐতিহ্য সংরক্ষণ ও পর্যটনের প্রসারেও তা সহায়ক হতে পারে বলে দাবি করা হয়েছে।

দেউলটি স্টেশন থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে রূপনারায়ণ নদীর তীরে সামতাবেড়ের বাড়িতে দীর্ঘ সময় কাটিয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওই বাড়িতেই তাঁর একাধিক সাহিত্যকর্মের সঙ্গে জড়িয়ে রয়েছে স্মৃতি। ‘দেনা-পাওনা’, ‘বিপ্রদাস’ ও ‘শেষ প্রশ্ন’-এর মতো রচনার সঙ্গে এই পর্বের সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে।

বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শরৎচন্দ্রের সেই বাসভবন সংরক্ষণ করা হয়েছে। সেখানে সাহিত্যিকের ব্যবহৃত আসবাবপত্রও রাখা রয়েছে এবং পর্যটকদের জন্য বাড়িটি দর্শনের সুযোগ রয়েছে। হাওড়া জেলা প্রশাসনের পর্যটন সংক্রান্ত তথ্যেও দেউলটি স্টেশন থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কুঠিতে যাওয়ার উল্লেখ রয়েছে।

এই আবহেই এবার দেউলটি স্টেশনের নাম কথাশিল্পীর নামে করার প্রস্তাব সামনে এল। তবে এটি এখনও নাম পরিবর্তনের দাবি ও প্রস্তাব, চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.