প্রথম পাতা খবর সপ্তম বেতন কমিশনের আওতায় ২৫ বিশ্ববিদ্যালয় ও তিন শিক্ষা বোর্ডের কর্মীরা, বিজ্ঞপ্তি রাজ্যের

সপ্তম বেতন কমিশনের আওতায় ২৫ বিশ্ববিদ্যালয় ও তিন শিক্ষা বোর্ডের কর্মীরা, বিজ্ঞপ্তি রাজ্যের

6 views
A+A-
Reset

রাজ্যের সপ্তম বেতন কমিশনের কার্যপরিধি আরও বাড়ানো হল। এ বার রাজ্যের ২৫টি সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মী এবং তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা বোর্ডের নিয়মিত কর্মীদের বেতন কাঠামো ও চাকরির শর্ত পর্যালোচনা করবে কমিশন। সম্প্রতি রাজ্যের অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এতদিন রাজ্য সরকারি কর্মীদের বেতন ও ভাতা কাঠামো পর্যালোচনার দায়িত্ব ছিল সপ্তম বেতন কমিশনের। নতুন নির্দেশে কমিশনের কাজের পরিধি সম্প্রসারিত করা হয়েছে। অর্থ দফতরের ২২ জুলাই ও ২৯ জুলাইয়ের প্রস্তাবের ভিত্তিতে গঠিত এই কমিশনকে এ বার আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়-সহ মোট ২৫টি সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীরা এই পর্যালোচনার আওতায় আসবেন।

তালিকায় রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানও।

বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজ্যের তিনটি শিক্ষা বোর্ডের নিয়মিত কর্মীরাও কমিশনের পর্যালোচনার আওতায় আসছেন। এই তিনটি বোর্ড হল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবং পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। এই প্রতিষ্ঠানগুলির কর্মীদের বেতন কাঠামো এবং চাকরির শর্ত খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশ জমা দেবে কমিশন।

তবে এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট কর্মীদের বেতন ঠিক কতটা বাড়তে পারে, নতুন বেতন কাঠামো কবে থেকে কার্যকর হবে কিংবা বকেয়া পাওনা দেওয়া হবে কি না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। কমিশনের সুপারিশের পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.