প্রথম পাতা খবর শান্তিপুরে বামা কালীর নাচের স্থান বদল, নিরাপত্তায় বাড়তি নজরদারি প্রশাসনের

শান্তিপুরে বামা কালীর নাচের স্থান বদল, নিরাপত্তায় বাড়তি নজরদারি প্রশাসনের

7 views
A+A-
Reset

নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী বামা কালীর বিসর্জন উপলক্ষে প্রতি বছরই বিপুল মানুষের সমাগম হয়। মাকে কাঁধে নিয়ে বামা কালীর নাচ দেখতে দূরদূরান্ত থেকে ভিড় করেন দর্শনার্থীরা। তবে এ বার ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার কথা মাথায় রেখে নাচের স্থান পরিবর্তন করা হয়েছে। বড়বাজারের পরিবর্তে মন্দিরের কাছেই বেজপাড়া মাঠে আয়োজন করা হবে এই অনুষ্ঠান।

কলকাতার চোরবাগানে সাম্প্রতিক মর্মান্তিক দুর্ঘটনার পর থেকেই উৎসবের ভিড় নিয়ন্ত্রণে বাড়তি সতর্ক প্রশাসন। সেই অভিজ্ঞতা মাথায় রেখে শান্তিপুরেও নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা হচ্ছে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ থেকে বিসর্জন ঘাট—সব গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, বেজপাড়ার বিশাল ফাঁকা মাঠে এ বার বামা কালীর নাচের আয়োজন করা হবে। ইতিমধ্যেই মাঠটি বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বসানো হয়েছে একাধিক অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। দর্শনার্থীরা যাতে সহজে অনুষ্ঠান দেখতে পারেন, তার জন্য জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থাও করা হচ্ছে।

শুক্রবার নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লী, মহকুমা শাসক এবং রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা শান্তিপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। বেজপাড়া মাঠের পাশাপাশি একাধিক প্রতিমা নিরঞ্জন ঘাটের নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হয়। বামা কালীর মন্দির প্রাঙ্গণে পুজোর দিন বিপুল ভক্ত সমাগম হয়। তাই মন্দির চত্বরের নিরাপত্তা ব্যবস্থাও পর্যালোচনা করেন আধিকারিকরা।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভিড় নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের যাতায়াত এবং বিসর্জনের সময় নিরাপত্তার বিষয়গুলিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি চালানো হবে।

ঐতিহ্য বজায় রেখেই যাতে নির্বিঘ্নে বামা কালীর বিসর্জন ও নাচের অনুষ্ঠান সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই এ বার আগাম প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন ও পুলিশ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.