প্রথম পাতা খবর আর খাতায় হাজিরা নয়! ২ জানুয়ারি থেকে রাজ্যের স্কুলে চালু ফেস রেকগনিশন

আর খাতায় হাজিরা নয়! ২ জানুয়ারি থেকে রাজ্যের স্কুলে চালু ফেস রেকগনিশন

10 views
A+A-
Reset

স্কুলে শিক্ষক ও পড়ুয়াদের হাজিরা নেওয়ার পদ্ধতিতে বড় পরিবর্তন আসতে চলেছে। আর খাতায় কলমে নয়, এবার মুখের ছবি শনাক্ত করেই নথিভুক্ত করা হবে উপস্থিতি। আগামী ২ জানুয়ারি থেকে রাজ্যের স্কুলগুলিতে চালু হতে চলেছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স ব্যবস্থা। শিক্ষক, শিক্ষাকর্মীদের পাশাপাশি এই ব্যবস্থার আওতায় আসবে ছাত্রছাত্রীরাও।

আগেই এই উদ্যোগের কথা জানিয়েছিলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। এবার এই নতুন ব্যবস্থা চালুর দিনক্ষণও ঘোষণা করা হয়েছে। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, আগামী ২ জানুয়ারি থেকে রাজ্যজুড়ে স্কুলে স্কুলে চালু হবে ফেস রেকগনিশন ভিত্তিক হাজিরা ব্যবস্থা।

ডিসেম্বরেই শুরু পাইলট প্রোজেক্ট

নতুন প্রযুক্তি চালুর আগে ডিসেম্বর মাস থেকেই শুরু হবে পাইলট প্রোজেক্ট। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানিয়েছেন, ডিসেম্বর থেকেই পরীক্ষামূলকভাবে স্কুলগুলিতে ফেস রেকগনিশন সিস্টেম চালু করা হবে। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত ক্লাসের পড়ুয়াদের উপস্থিতি এই প্রযুক্তির মাধ্যমে নথিভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষকদেরও বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক হাজিরা দিতে হবে। অর্থাৎ স্কুলে প্রবেশের সময় মুখ শনাক্তকরণের মাধ্যমে তাঁদের উপস্থিতি নথিভুক্ত হবে।

এআই প্রযুক্তিতে পড়ুয়াদের হাজিরা

শুধু শিক্ষক বা শিক্ষাকর্মী নয়, ছাত্রছাত্রীদের হাজিরা নথিভুক্ত করতেও ব্যবহার করা হবে এআই-নির্ভর প্রযুক্তি। রাজ্যের প্রায় ১ কোটি ৬০ লক্ষ পড়ুয়া এবং ৪ লক্ষ শিক্ষক এই নতুন হাজিরা ব্যবস্থার আওতায় আসতে চলেছেন।

এই উদ্যোগ কার্যকর হলে রাজ্যের স্কুলশিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে। হাজিরা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.