প্রথম পাতা খবর সমাবর্তনে কালো গাউন-টুপি নয়, ভারতীয় পোশাক পরার নির্দেশ রাজ্যের

সমাবর্তনে কালো গাউন-টুপি নয়, ভারতীয় পোশাক পরার নির্দেশ রাজ্যের

21 views
A+A-
Reset

সমাবর্তনের পোশাক থেকে ঔপনিবেশিক প্রথা সরানোর উদ্যোগ নিল রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সমাবর্তন অনুষ্ঠানে প্রচলিত কালো গাউন, হুড ও টুপির পরিবর্তে ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক ব্যবহারের পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইতিমধ্যেই সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, সমাবর্তনের মঞ্চে ইউরোপীয় প্রথার পোশাকের পরিবর্তে ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক ব্যবহারের উপর জোর দিয়েছে উচ্চ শিক্ষা দফতর। ছাত্রছাত্রী ও অতিথিদের জন্য উত্তরীয়, শাড়ি, ধুতি কিংবা পাঞ্জাবির মতো পোশাকের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি দেশীয় হ্যান্ডলুম ও খাদি কাপড় ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পূর্ববর্তী নির্দেশিকার প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়েছে, ভারতীয় আবহাওয়ার উপযোগী এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক চালু করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয়গুলির পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে অধিভুক্ত কলেজগুলিতেও এই নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে।

এই নির্দেশিকার ফলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের পোশাক বদল নিয়ে আলোচনা ও প্রস্তুতি শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে সমাবর্তনে ব্যবহৃত কালো গাউন ও টুপির পরিবর্তে দেশীয় পোশাক ব্যবহারের বিষয়টি এবার প্রশাসনিক নির্দেশের মাধ্যমে সামনে এল।

উল্লেখ্য, কয়েক দিন আগে জলপাইগুড়িতে একটি অনুষ্ঠানে রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় সমাবর্তনে ভারতীয় পোশাক পরার পক্ষে সওয়াল করেছিলেন। সেই সময় তিনি জানিয়েছিলেন, ২০১৫ সালের পর থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেশের বিশ্ববিদ্যালয়গুলিকে এ বিষয়ে একাধিকবার পরামর্শ দিয়েছে। সমাবর্তনে ইউরোপীয় প্রথার পোশাকের পরিবর্তে ভারতীয় পোশাক ও হস্তশিল্পের বস্ত্র ব্যবহারের কথা বলা হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.