প্রথম পাতা খবর আগামী দু’দিনে কলকাতার পারদ নামতে পারে ১৭ ডিগ্রিতে, ফিরছে শীতের আমেজ

আগামী দু’দিনে কলকাতার পারদ নামতে পারে ১৭ ডিগ্রিতে, ফিরছে শীতের আমেজ

19 views
A+A-
Reset

উত্তুরে ও উত্তর-পশ্চিম দিকের হাওয়ার প্রভাবে কলকাতায় ফের নামতে শুরু করেছে তাপমাত্রা। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনে কলকাতার পারদ আরও নেমে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। ফলে শহরজুড়ে ফের শীতের আমেজ অনুভূত হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৭ ডিগ্রি বেশি। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় প্রায় চার ডিগ্রি বেশি। একদিনের ব্যবধানে তাপমাত্রার এই পতনে আবহাওয়ায় পরিবর্তন স্পষ্ট হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু’দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত বঙ্গের আকাশে মেঘ বা বৃষ্টি নিয়ে আসার মতো কোনও আবহাওয়াজনিত পরিস্থিতি নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

অক্টোবরের শেষ থেকে ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলে পরপর তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে। এর মধ্যে দু’টি অন্ধ্রপ্রদেশে এবং শেষটি ওড়িশায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে চলতি নভেম্বর সাম্প্রতিক বছরগুলির মধ্যে অন্যতম বৃষ্টিবহুল নভেম্বর হয়ে উঠেছে। তবে বর্তমানে বঙ্গের আবহাওয়ায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আবহবিদদের মতে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে উত্তুরে শীতল ও শুষ্ক হাওয়ার স্বাভাবিক প্রবাহ বাধা পায়। কিন্তু জলীয় বাষ্প কম থাকলে শীতল ও শুষ্ক হাওয়া বাধাহীনভাবে প্রবেশ করতে পারে। এর ফলে দ্রুত কমতে পারে তাপমাত্রা।

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় চার ডিগ্রি কম। বায়ুমণ্ডলের উপরের স্তরে শীতল হাওয়ার প্রভাবেই সর্বোচ্চ তাপমাত্রা কমেছে বলে জানিয়েছেন আবহবিদেরা।

আবহাওয়াবিদদের পরিভাষায়, কোনও দিন কতটা ঠান্ডা ছিল, তা নির্ধারণের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রাকে গুরুত্ব দেওয়া হয়। তবে মানুষের অনুভূতিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রার প্রভাবও গুরুত্বপূর্ণ। কারণ দিনের তাপমাত্রার প্রভাব দীর্ঘ সময় ধরে অনুভূত হয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.