আসানসোলে ফেরার অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান ঘিরে গুলির ঘটনা। শুক্রবার সকালে পশ্চিম বর্ধমানের ইসমাইল এলাকায় পুলিশের গুলিতে জখম হন প্রতাপ দাস নামে এক যুবক। তাঁর ডান পায়ে গুলি লেগেছে বলে পুলিশ সূত্রে খবর। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে একটি বাড়ি থেকে গ্রেফতার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হিরাপুর থানা এলাকার ইসমাইলে প্রতাপের খোঁজে বুধবার অভিযান চালিয়েছিল পুলিশ। সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যান তিনি বলে পুলিশের দাবি। এরপর গত দু’দিন ধরে তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল।
শুক্রবার সকালে গোপন সূত্রে পুলিশ খবর পায়, ইসমাইল এলাকার একটি বাড়িতে লুকিয়ে রয়েছেন প্রতাপ। তাঁর হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে বলেও খবর আসে। এরপর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ এবং হিরাপুর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। ঘনবসতিপূর্ণ এলাকায় বাড়ির পাঁচিল ও অলিগলিতে তল্লাশি শুরু করেন পুলিশ আধিকারিকেরা।
পুলিশের দাবি, অভিযুক্তকে ঘিরে ফেলতেই তিনি ফের গুলি চালানোর চেষ্টা করেন। পাল্টা গুলি চালায় পুলিশ। তাতে তাঁর ডান পায়ে গুলি লাগে। এরপর তাঁকে গ্রেফতার করা হয়।
সাইবার প্রতারণার মামলায় অভিযুক্ত
পুলিশ জানিয়েছে, আসানসোল দক্ষিণ থানায় প্রতাপের বিরুদ্ধে সাইবার প্রতারণার মামলা রয়েছে। সেই মামলাতেই বুধবার তাঁকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ। কিন্তু সেদিন পুলিশের অভিযান এড়িয়ে পালিয়ে যান তিনি।
প্রতাপের বিরুদ্ধে বেআইনি লোহা পাচার ও ডাকাতির অভিযোগ রয়েছে বলেও স্থানীয়দের একাংশ দাবি করেছেন। তবে এই অভিযোগগুলির বিষয়ে পৃথকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে প্রতাপের স্ত্রী রিনা দাস দাবি করেছিলেন, তাঁর স্বামীর বিরুদ্ধে কোনও গ্রেফতারি পরোয়ানা ছিল না। পুলিশ বাড়িতে এসে তাঁকে ডাকতে বলেছিল বলে অভিযোগ করেন তিনি। পুলিশের সঙ্গে তাঁর স্বামী গুলি বিনিময় করেছেন কি না, সে বিষয়ে কিছু জানেন না বলেও জানিয়েছিলেন রিনা। যদিও তাঁর স্বীকারোক্তি অনুযায়ী, প্রতাপের বিরুদ্ধে আগেও অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছিল।