টলিউড অভিনেতা তথা স্বামী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে হারানোর মর্মাহত প্রিয়াঙ্কা সরকার এখন ধীরে ধীরে কাজে ফিরেছেন। শোকের আবরণ সরিয়ে শ্যুটিং ফ্লোরে পা রেখেছেন তিনি।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সাদা রঙের অফ শোল্ডার লং গাউনে লেকের পাশে দাঁড়িয়ে একাধিক পোজ দিয়েছেন তিনি। হালকা মেকআপ ও খোলা চুলে তাঁর সৌন্দর্যে মুগ্ধ ভক্তরা। ছবিগুলো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
শমীক রায়চৌধুরীর সিরিজ ‘তারকাটা’র শ্যুটিং দিয়েই কাজে ফিরেছেন প্রিয়াঙ্কা। এই সিরিজ দিয়ে প্রযোজনায় হাতেখড়ি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের। গল্পটিও তাঁকে ঘিরে। প্রিয়াঙ্কা এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে বিক্রমের বিপরীতে অভিনয় করছেন।
চলতি মাসের শুরুতেই নীরবতা ভেঙেছিলেন অভিনেত্রী। স্বামীর আকস্মিক মৃত্যুর এক মাস পূর্তিতে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। বারবারই উঠে এসেছে একই কথা—“আমি আমার সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়েছি।”
নীরবতার আড়ালেই চলেছে তাঁর লড়াই। ঘটনার পূর্ণ তদন্তের দাবিতে ইন্ডাস্ট্রির শিল্পীদের একত্রিত করার চেষ্টা করেছেন। ২৯ এপ্রিল স্মৃতির কথা বলতে গিয়ে ভেঙে পড়েন তিনি। তাঁর কথায়, “রাহুল শুধু জীবনসঙ্গী নন, ছিলেন আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও ভরসা।”
স্বামীর মৃত্যু নিয়ে ধোঁয়াশাও কম নয়। রিজেন্ট পার্ক ও তালিসারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্কা। ফোরাম আর্টিস্টদের নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও রিজেন্ট পার্ক থানায় গিয়েছিলেন। ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে নেগ্লিজেন্সির অভিযোগ করেছে আর্টিস্ট ফোরাম।
অভিনয়ের পাশাপাশি ‘সহজ কথা’ পডকাস্ট দিয়ে মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়া রাহুলের এমন আচমকা মৃত্যু বাংলার মানুষ মেনে নিতে পারছেন না। শোকের ছায়া শুধু টলিপাড়ায় নয়, বিজয়গড় থেকে সোশ্যাল মিডিয়া—সর্বত্রই। তবে ব্যক্তিগত শোক সামলে আবারও নিজের পেশায় ফিরেছেন প্রিয়াঙ্কা। ক্যামেরার সামনে দাঁড়িয়েই তিনি এখন খুঁজে নিতে চাইছেন বাঁচার ছন্দ। ভক্তরাও মন্তব্যে জানাচ্ছেন সমর্থন ও ভালোবাসা।