প্রথম পাতা খবর বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়, জগদ্ধাত্রী পুজোর নবমী থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়, জগদ্ধাত্রী পুজোর নবমী থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা

12 views
A+A-
Reset

নভেম্বরের শীতের আমেজের মধ্যেই ফের দুর্যোগের আশঙ্কা বাংলায়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে সেটি অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোতে পারে। সরাসরি পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা না থাকলেও এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। সোমবার সন্ধ্যার মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মঙ্গলবার আরও শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ের আকার নেওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, মছলিপত্তনমের কাছে স্থলভাগে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে। তবে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের উপকূলে পড়ার সম্ভাবনা নেই। তা সত্ত্বেও বুধবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হতে পারে।

জগদ্ধাত্রী পুজোর নবমী থেকেই বৃষ্টির সম্ভাবনা

বুধবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন থেকেই দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার এক বা দু’টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তুলনামূলক শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি।

বৃহস্পতিবার পরিস্থিতির আরও পরিবর্তন হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি ও হাওড়ার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।

শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পরিস্থিতি বজায় থাকতে পারে বলে পূর্বাভাস। ফলে পুজোর শেষ পর্বে আবহাওয়ার কারণে কিছুটা সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

এই ঘূর্ণিঝড়ের বিশেষ প্রভাব উত্তরবঙ্গে পড়ার সম্ভাবনা নেই। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

এদিকে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের।

ঘূর্ণিঝড়ের গতিপথ ও শক্তির পরিবর্তনের উপর নির্ভর করে বৃষ্টির পূর্বাভাসেও বদল আসতে পারে। তাই পরবর্তী আবহাওয়া বুলেটিনের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.