প্রথম পাতা খবর কার্তিক মাসের শুক্লপক্ষের অতি প্রাচীন উৎসব—‘জগদ্ধাত্রী পুজো’ এবং ‘ছট পুজো’

কার্তিক মাসের শুক্লপক্ষের অতি প্রাচীন উৎসব—‘জগদ্ধাত্রী পুজো’ এবং ‘ছট পুজো’

8 views
A+A-
Reset

পঙ্কজ চট্টোপাধ্যায়

শুধু বাঙালি নয়, বলা যায়, আমাদের সারা ভারতবর্ষের সমস্ত প্রদেশেই বারো মাসে তেরো পার্বণ।

তাই প্রায় সদ্যসমাপ্ত শারদীয়া দুর্গাপুজো এবং হেমন্তের কালীপুজোর পরেই হেমন্তের কার্তিক মাসের শুক্লপক্ষেই পালিত হয় জগদ্ধাত্রী এবং ছট বা ছঠী মাঈয়ার পুজো। এই পুজো দুটিই অতি প্রাচীন।

জগদ্ধাত্রী পুজো আজ থেকে শত শত বছর আগে শুরু হয়। জনশ্রুতি আছে যে, ১৭৬২ সালে নবাব আলীবর্দি খানের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় নদিয়ার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়কে নবাব বন্দি করে তাঁর কারাগারে রেখেছিলেন। পরে নিজের ভুল বুঝতে পেরে রাজাকে মুক্তি দেওয়ার কাজ যখন নবাব করেন, তখন শরৎকাল।

রাজা কৃষ্ণচন্দ্র যখন নবাবের কাছ থেকে মুক্তি পেয়ে ফিরছিলেন, তখন তিনি নদীপথে আসার সময়ে জানতে পারেন, সেদিন বিজয়া দশমী। নদীর তীরে তীরে দেবী দুর্গার বিসর্জন চলছে। মহারাজ দুর্গাপুজো করতেন। নবাবের কারাগারে বন্দি থাকার কারণে সেবার তিনি মায়ের পুজো করতে পারেননি। মনে খুব কষ্ট পেয়েছিলেন তিনি। সেই মনোকষ্ট নিয়েই তিনি ফেরেন রাজপ্রাসাদে। এরপর তিনি স্বপ্নাদিষ্ট হয়েছিলেন যে, কার্তিক মাসের এই সময়ে দেবী জগদ্ধাত্রী মায়ের পুজো করার জন্য।

সেই স্বপ্নের আদেশমতো মহারাজ জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন।

অন্যদিকে ইতিহাসে পাওয়া যায় যে, শান্তিপুরের রাজা গিরিশচন্দ্র শান্তিপুরের চন্দ্রচূড় তর্কচূড়ামণির তত্ত্বাবধানে ১৭৬৩ সালে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেন।

আবার হুগলির চন্দননগরের লক্ষীগঞ্জের ‘আদিমা’ জগদ্ধাত্রী পুজো বহু বহু পুরনো। কথিত আছে, আজ থেকে প্রায় ৪০০ বছর আগে চন্দননগরের ফরাসি সরকারের দেওয়ান ইন্দ্রনারায়ণ রায় এই জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন।

জগদ্ধাত্রী দেবী হলেন দেবী দুর্গারই আরেক রূপ। মার্কণ্ডেয় পুরাণ, শ্রীশ্রীচণ্ডী, কালিকাপুরাণ ইত্যাদিতে পাওয়া যায় যে, অশুভ শক্তি মহিষাসুরকে বধ করার পরে সে করীকেন্দ্রাসুর, মানে হস্তীর রূপ ধারণ করে আবার যুদ্ধ করতে ইচ্ছা প্রকাশ করলে মহামায়া মহাশক্তি দেবী দুর্গা স্বয়ং দেবী জগদ্ধাত্রীর রূপ ধরে সেই করীকেন্দ্রাসুরকে বধ করেন।

জগদ্ধাত্রী দেবী পূজিতা হন সারা দেশে। শুধু তাই নয়, প্রাচীন সিন্ধু সভ্যতায়, গ্রিক সভ্যতায়, রোমান সভ্যতায়, মিশরীয় সভ্যতায় জগদ্ধাত্রী দেবীর আদলেই দেবী মায়ের পুজো হয়। গ্রিক সভ্যতায় দেবী ‘জাগাদ্দ্রী’ নামে পরিচিতা। রোমান সভ্যতায় ‘জগিদ্ধিতি’, মিশরীয় সভ্যতায় ‘জাগৃদ্ধি’ ইত্যাদি নামে আরাধিতা হন।

পাশাপাশি এই সময়ের আরেকটি উৎসব হল ‘ছট পুজো’, যা সূর্য উপাসনার পুজো বা দেবী ষষ্ঠী মাতার পুজো। এই পুজো অতি অতি প্রাচীন। এই পুজো সারা উত্তর-পূর্ব ভারতে অনুষ্ঠিত হয়। সংস্কৃত শব্দ ‘ষষ্ঠী’-র অপভ্রংশ রূপ হল ‘ছট’ শব্দটি। দুর্গাপুজো যেমন চার দিনের হয়, তেমনই জগদ্ধাত্রী পুজো বা ছট মাইয়া কি পুজাও চার দিনের হয়।

ছট মাঈয়া হলেন সেই দেবী, যিনি রক্ষা করেন আমাদের ঘরের সন্তানদের।

ভোরের সূর্য ওঠার মুহূর্তে সূর্যদেবের মহামন্ত্র সূর্যশ্লোক উচ্চারণ করতে করতে নদীর তীরে, পুষ্করিণীর তীরে দেবী মায়ের উদ্দেশ্যে নিজেদের প্রার্থনা, পুজো নিবেদন করেন।

আমাদের দেশের প্রাচীন বেদে উষা হলেন বৈদিক দেবী। যিনি সূর্যের আরেক রূপ। যিনি এই বিশ্বসংসারকে রক্ষা করেন।

এই সূর্য শুধু আমাদের সভ্যতায় নয়, সারা বিশ্বের অন্যান্য সভ্যতায়, যেমন প্রাচীন গ্রিক সভ্যতায়, রোমান সভ্যতায়, মিশরীয় সভ্যতায় পূজিত হন, ঠিক এই সময়কালে। তিনিই মুখ্য দেবতা।

আমাদের দেশের প্রাচীন উৎসবগুলির মধ্যে তাই অন্যতম হল এই ছঠী মাঈয়ার পুজো, যা আমাদের দেশের সমাজের এক বিশেষ ঐতিহ্য এবং পরম্পরা।

তাই জগজ্জননী জগদ্ধাত্রী মায়ের পুজো এবং ছঠী মাঈয়ার পুজোর প্রার্থনা স্বরূপ সকলের জন্য রইল শুভেচ্ছা এবং সকলের সপরিবারে, সবান্ধবে ভালো থাকার শুভকামনা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.