ভুয়ো এসসি সার্টিফিকেট নিয়ে কড়া পদক্ষেপের বার্তা, শবর সম্প্রদায়ের জন্য বিশেষ প্রকল্পের ঘোষণা
ঝাড়গ্রাম: রাজ্যের সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষকে জমির অধিকার দেওয়া হবে। বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে ঝাড়গ্রামে আয়োজিত ‘জনজাতি গৌরব দিবস’-এর অনুষ্ঠানে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে ভুয়ো তফসিলি জাতি (এসসি) শংসাপত্র প্রদান ও ব্যবহারকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তাও দিয়েছেন তিনি। পাশাপাশি শবর জনজাতির মানুষের জন্য বিশেষ প্রকল্প চালুর কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এদিন ঝাড়গ্রামের অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে জমির পাট্টা তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যের মোট ৭৭০ জন আদিবাসী মানুষের হাতে জমির মালিকানা তুলে দেওয়া হয়েছে। তাঁর কথায়, ‘‘পাট্টার অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। আজ শুধু পাঁচজনকে নয়, গোটা রাজ্যের ৭৭০ জন আদিবাসীর হাতে জমির মালিকানা তুলে দিলাম।’’
মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের সমস্ত আদিবাসীকে জমির অধিকার দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যেই বন দফতর, ভূমি দফতর এবং জনজাতি উন্নয়ন দফতরের সঙ্গে আলোচনা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
ভুয়ো এসসি সার্টিফিকেট ইস্যুতে পূর্বতন তৃণমূল সরকারকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে আদিবাসী নন, এমন ব্যক্তিদেরও ভুয়ো তফসিলি জাতির শংসাপত্র দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘এই সরকারের আমলে একটা ভুয়ো এসসি সার্টিফিকেটও দিতে দেওয়া হবে না।’’ ইতিমধ্যেই একাধিক ভুয়ো শংসাপত্রধারীকে চিহ্নিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। প্রশাসনকে এই বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, শবর জনজাতির মানুষের জন্যও বিশেষ উদ্যোগের কথা ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, জাতীয় স্তরের পিভিজিটি (Particularly Vulnerable Tribal Groups) তালিকায় শবর সম্প্রদায়ের নাম না থাকলেও রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে তাঁদের এই প্রকল্পের আওতায় সাহায্য করা হবে।
এদিন ঝাড়গ্রামে মোট ১৩৭টি প্রকল্পের শিলান্যাস এবং ৫১টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন ও শিলান্যাস হওয়া প্রকল্পগুলির মধ্যে রয়েছে রাস্তা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, হস্টেল, সেতু-সহ একাধিক পরিকাঠামো উন্নয়নমূলক কাজ।