প্রথম পাতা খবর বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, শুক্রবার উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, শুক্রবার উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

6 views
A+A-
Reset

ঘূর্ণিঝড় অর্ণব দুর্বল হয়ে পড়লেও আবহাওয়ার অস্বস্তি কাটছে না। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ায় উপকূলবর্তী এলাকাগুলিতে সম্ভাব্য প্রভাবের দিকে নজর রাখছেন আবহবিদেরা। পশ্চিমবঙ্গের উপকূলে আপাতত কোনও সতর্কতা জারি হয়নি। তবে শুক্রবার উত্তরবঙ্গের একাধিক জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণিঝড় অর্ণবের অবশিষ্টাংশ নিম্নচাপ হিসেবে ছত্তীসগঢ় ও ওড়িশার উপর অবস্থান করছিল। সেটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ক্রমশ শক্তি হারিয়েছে। বর্তমানে তা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। সেটি ছত্তীসগঢ়ের উত্তর ভাগে অবস্থান করবে।

অন্যদিকে, দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সেটি ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ৩১ অক্টোবরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছোতে পারে। সেখানে নিম্নচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী দু’দিনে সেটি উত্তর দিকে এগিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছোতে পারে। এর প্রভাবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে ঝড়বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, নেই ভারী বর্ষণের সতর্কতা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়ার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস বা সতর্কতা জারি করা হয়নি।

শুক্রবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে, সমুদ্রের উপর থেকে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের প্রভাব আপাতত কেটে যাওয়ায় মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি।

শুক্রবার উত্তরবঙ্গের দুই জেলায় অতিভারী বৃষ্টির আশঙ্কা

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। শুক্রবার দার্জিলিং ও জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। দুই জেলাতেই ঝোড়ো হাওয়া বইতে পারে। কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) পূর্বাভাস রয়েছে।

এ ছাড়া কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি শনিবার পর্যন্ত চলতে পারে।

উত্তরে কমবে দিনের তাপমাত্রা, দক্ষিণে বাড়তে পারে পারদ

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরবর্তী দু’দিনে ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে রাতের তাপমাত্রায় আপাতত বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাতের তাপমাত্রা মোটামুটি একই থাকবে।

শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি কম।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.