প্রথম পাতা খবর ভিন রাজ্যে অত্যাচার! ভোটে ‘জবাব’ দিয়ে ফের পঞ্জাবে কর্মস্থলে চোপড়ার পরিযায়ী শ্রমিকরা

ভিন রাজ্যে অত্যাচার! ভোটে ‘জবাব’ দিয়ে ফের পঞ্জাবে কর্মস্থলে চোপড়ার পরিযায়ী শ্রমিকরা

10 views
A+A-
Reset

গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পর ফের জীবিকার তাগিদে ভিনরাজ্যের পথে পা বাড়ালেন উত্তর দিনাজপুরের চোপড়ার পরিযায়ী শ্রমিকরা। রবিবার লালবাজার এলাকায় দেখা গেল শতাধিক শ্রমিকের ভিড়। ভোট দিতে পাঞ্জাব থেকে দীর্ঘ পথ পেরিয়ে ঘরে ফিরেছিলেন তাঁরা, আর এবার ফের কাজে যোগ দিতে একইভাবে রওনা দিলেন ভিনরাজ্যের উদ্দেশ্যে।

জানা গিয়েছে, এবারের বিধানসভা নির্বাচনে ভোট দিতে প্রায় ১২০ জন শ্রমিক দু’টি বাস ভাড়া করে পঞ্জাব থেকে চোপড়ায় ফিরেছিলেন। যাতায়াত মিলিয়ে খরচ হয়েছে প্রায় ৬ লক্ষ ৭০ হাজার টাকা। মঙ্গলবার এলাকায় পৌঁছে বৃহস্পতিবার তাঁরা নিজ নিজ বুথে গিয়ে ভোট দেন। দীর্ঘ প্রায় ৪৬ ঘণ্টার বাসযাত্রা সত্ত্বেও ভোট দেওয়ার ইচ্ছাই তাঁদের এই কষ্ট সহ্য করতে উদ্বুদ্ধ করেছে।

শ্রমিকদের বক্তব্য, একসঙ্গে এতজনের ট্রেনের টিকিট পাওয়া সম্ভব না হওয়ায় বাধ্য হয়েই বাস ভাড়া করতে হয়েছে। ঠিকাদার জাকির হোসেন জানান, এসআইআর-সংক্রান্ত আশঙ্কার কারণেই সবাইকে নিয়ে ভোট দিতে আসা জরুরি হয়ে পড়েছিল। এখন ভোট শেষ, তাই ফের কাজে যোগ দেওয়ার পালা।

এই ঘরে ফেরার নেপথ্যে শুধু ভোট নয়, ক্ষোভও রয়েছে। স্থানীয় বাসিন্দা ফিরোজ আলমের দাবি, ভিনরাজ্যে শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদ জানাতেই তাঁরা ভোট দিতে ফিরেছেন এবং ইভিএমের মাধ্যমে সেই বার্তা দিয়েছেন। তবে এই যাত্রার আর্থিক চাপও কম নয়। শ্রমিক রুস্তম আলীর কথায়, বাসভাড়ার বিপুল টাকা আপাতত ঠিকাদার মিটিয়েছেন, কিন্তু ভবিষ্যতে কাজ করে ধীরে ধীরে সেই ঋণ শোধ করতে হবে। ভোটের দায়িত্ব পালন শেষে আবার একরাশ স্বপ্ন আর পরিবারের টান নিয়ে পাঞ্জাবের পথে পা বাড়ালেন চোপড়ার এই শ্রমিকরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.