কলকাতা: কেন্দ্রীয় বাজেট পেশের ঠিক কয়েক ঘণ্টা আগেই মধ্যবিত্ত ও ব্যবসায়ীদের জন্য এল মিশ্র খবর। একদিকে যখন ঘরোয়া রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রেখে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেওয়া হয়েছে, ঠিক তখনই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় বাড়িয়ে দিল তেল সংস্থাগুলি। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে ৪৯ টাকা ৫০ পয়সা।
নতুন এই মূল্যবৃদ্ধির ফলে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১ হাজার ৮৪৪ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৩ টাকা ৫০ পয়সা। বাজেটের দিন সকালেই এই দাম বৃদ্ধিতে মাথায় হাত পড়েছে রেস্তোরাঁ মালিক থেকে শুরু করে ছোট ব্যবসায়ীদের। খরচ বাড়ার ফলে খাদ্যদ্রব্যের দাম বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
তবে স্বস্তির বিষয় হলো, ১৪.২ কেজির গৃহস্থের ব্যবহারের সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করা হয়নি। কলকাতায় রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৮৭৯ টাকাই থাকছে। যদিও সাধারণ মানুষের নজর এখন বাজেটের দিকে। রান্নার গ্যাসে নতুন করে ভর্তুকি দেওয়া হবে কি না, কিংবা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কোনো বড় ঘোষণা করেন কি না, তা নিয়ে আগ্রহ তুঙ্গে। কয়েক ঘণ্টার মধ্যেই স্পষ্ট হবে যে, মোদি ৩.০ সরকারের বাজেটে রান্নার জ্বালানি নিয়ে মধ্যবিত্তের জন্য কোনো বিশেষ ‘উপহার’ থাকছে কি না।