প্রথম পাতা খবর শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘আকভান’, শুক্রবার অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা

শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘আকভান’, শুক্রবার অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা

13 views
A+A-
Reset

মঙ্গলবার ভোরেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘আকভান’। আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে আরও শক্তি বাড়িয়ে শুক্রবার, ২০ নভেম্বর অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। এর সরাসরি প্রভাব বাংলায় পড়ার আশঙ্কা না থাকলেও উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে শীতের আগমনও পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

পুজোর পর থেকেই বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্তের জেরে বাংলার আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ও ‘মুরাসু’র পর এবার নজরে ‘আকভান’। আবহবিদদের অনুমান, ঘূর্ণিঝড়টির গতিপথ অনুযায়ী অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও টুনির কাছাকাছি উপকূলে আছড়ে পড়তে পারে এটি। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে।

বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার এক বা দু’টি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই এক বা দু’টি জায়গায় বজ্রঝড়, বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর থেকে উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা।

এদিকে, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে মৎস্যজীবীদের জন্য এখনও বিশেষ কোনও নিষেধাজ্ঞা জারি করেনি আবহাওয়া দপ্তর। ইরানের দেওয়া ‘আকভান’ নামের অর্থ ‘অশুভ শক্তি’।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.