রাজ্যের আইপিএস আধিকারিকদের জন্য একগুচ্ছ নতুন আর্থিক সুযোগ-সুবিধা ও ভাতা ঘোষণা করল নবান্ন। আইপিএস অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের দাবিদাওয়া খতিয়ে দেখার পর স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন বিজ্ঞপ্তিতে কর্মরত আধিকারিকদের পাশাপাশি অবসরপ্রাপ্ত ডিজিপি পদমর্যাদার অফিসারদের জন্যও বিশেষ সুবিধার কথা জানানো হয়েছে।
স্বরাষ্ট্র দফতরের নির্দেশিকা অনুযায়ী, কলকাতায় কর্মরত আইজি পদমর্যাদার নীচের আইপিএস অফিসাররা মাসে ১৫ হাজার টাকা করে বিশেষ ভাতা পাবেন। পরবর্তী সময়ে এই ভাতার পরিমাণ সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকছে।
বাড়িভাড়া বাবদ সর্বোচ্চ ৬০ হাজার টাকা
যে সমস্ত আইপিএস আধিকারিক সরকারি আবাসন পাননি এবং আলাদা করে বাড়িভাড়া ভাতা বা এইচআরএ (HRA) নেন না, তাঁরা বাড়িভাড়া বাবদ মাসে সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত খরচ ফেরত পাবেন। প্রতি তিন বছর অন্তর এই টাকার অঙ্ক ২০ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলেও নির্দেশিকায় উল্লেখ রয়েছে।
সন্তানদের উচ্চশিক্ষায় ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ
আইপিএস অফিসারদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণের সুবিধা দেওয়া হচ্ছে। দেশ-বিদেশে পড়াশোনার পাশাপাশি বোর্ডিং স্কুলের খরচও এই ঋণের আওতায় রাখা হয়েছে।
এ ছাড়াও বিদেশ ভ্রমণের জন্য আর্থিক সুবিধা এবং অফিসের কাজকর্মে সহায়তার জন্য একজন সহায়ক রাখার খরচও সরকারিভাবে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অবসরপ্রাপ্ত ডিজিপি-দের জন্যও সুবিধা
শুধু কর্মরত আধিকারিকরাই নন, ডিজিপি পদ থেকে অবসর নেওয়া আইপিএস অফিসারদের জন্যও বিশেষ সুবিধার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। অবসরের পর তাঁরা দু’জন করে অ্যাটেনডেন্ট বা পরিচারক রাখার সুযোগ পাবেন। রাজ্যের শ্রম দফতরের নির্ধারিত হারে ওই দুই কর্মীর বেতনের খরচ বহন করবে সরকার।
প্রশাসনিক মহলের মতে, আইপিএস আধিকারিকদের কর্মদক্ষতা ও মনোবল বাড়ানোর লক্ষ্যেই রাজ্য সরকারের এই পদক্ষেপ। নবান্নের নতুন নির্দেশিকা ইতিমধ্যেই কার্যকর করা হচ্ছে বলে জানা গিয়েছে।