বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ মঙ্গলবার সকালে দিঘা ও হলদিয়ার মাঝামাঝি এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। এর প্রভাবে মঙ্গলবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকলেও বুধবার থেকে আবহাওয়ার উন্নতির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, আগামী কয়েক দিন উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে গভীর নিম্নচাপটি ওড়িশার বালেশ্বরের উত্তর-পূর্বে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তীসগঢ়ের দিকে এগোবে। পরে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে।
দক্ষিণবঙ্গে আজও বৃষ্টি, বুধবার থেকে স্বস্তি
গভীর নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
এ ছাড়া পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
তবে আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আপাতত ঝড়বৃষ্টি নিয়ে কোনও সতর্কতা নেই।
উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট
মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। বুধবার থেকে রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতায় মেঘলা আকাশ, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি
মঙ্গলবার কলকাতায় সারাদিন আংশিক থেকে প্রধানত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে।
মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৬.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
উপকূলে সতর্কতা, সমুদ্র উত্তাল
গভীর নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। সমুদ্রে ঘণ্টায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সেই কারণে মঙ্গলবারও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগর এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দা ও পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে।
কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সব ট্রলারকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বর্তমানে সমুদ্রে ১৪ থেকে ১৫ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে।
নামখানায় বাঁধ ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি এবং পূর্ণিমার ভরা কটালের জেরে দক্ষিণ ২৪ পরগনার নামখানার মৌসুনি দ্বীপে নদীবাঁধের দু’টি অংশে ধস নেমেছে। বেরার ঘাটে প্রায় ১০০ মিটার এবং মান্নার ঘাটে প্রায় ২০০ মিটার এলাকাজুড়ে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, টানা তিন দিনের বৃষ্টিতে ফ্রেজ়ারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অমরাবতী গ্রাম কার্যত জলমগ্ন। স্থানীয় সূত্রে খবর, অন্তত ৫০টি বাড়িতে হাঁটুসমান জল ঢুকে পড়েছে। বহু পরিবার নিরাপদ আশ্রয়ের জন্য স্থানীয় স্কুল ও হোটেলে আশ্রয় নিয়েছেন।