কলকাতা: স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজ্যজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার আলিপুর সার্ভে বিল্ডিং মোড় থেকে হাজরা মোড় পর্যন্ত পদযাত্রা করে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। পদযাত্রা শেষে কেন্দ্রের এই উদ্যোগে পূর্বতন রাজ্য সরকারের অংশগ্রহণ না করার অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী।
ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে কর্মসূচির সূচনা করে মুখ্যমন্ত্রী আগামী ১০ অগস্টের ‘তিরঙ্গা যাত্রা’-য় সাধারণ মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানান। এর আগের দিন নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি এই কর্মসূচির ঘোষণা করেছিলেন।
এদিনের পদযাত্রায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়, স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন, বিজেপি নেতা শিশির বাজোরিয়া-সহ দলের একাধিক শীর্ষ নেতা। উপস্থিত ছিলেন রাজস্থানের প্রাক্তন বিধায়ক রাজেন্দ্র রাঠৌরও। তাঁকে মঞ্চ থেকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে বিজেপির বিশেষ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রাজেন্দ্র রাঠৌর।
মুখ্যমন্ত্রী জানান, ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি শুধু কলকাতায় নয়, গোটা রাজ্যজুড়ে ব্লক, জেলা এবং রাজ্য স্তরে সরকারি উদ্যোগে পালন করা হবে। তাঁর দাবি, ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ৭০ লক্ষ জাতীয় পতাকা বিতরণ করা হয়েছে। পাশাপাশি তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে স্কুল-কলেজে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতারও আয়োজন করা হচ্ছে।
শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, আগামী ১০ অগস্ট রেড রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশ থেকে বিড়লা তারামণ্ডল পর্যন্ত ‘তিরঙ্গা যাত্রা’য় প্রায় ৫০ হাজার মানুষ অংশ নেবেন। তাঁর দাবি, দেশের প্রতি ভালোবাসা এবং জাতীয়তাবোধ আরও জাগ্রত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।