প্রথম পাতা খবর দেশভাগের উদ্বাস্তুদের স্মরণে শিয়ালদহে স্মৃতিসৌধ, নভেম্বরের মধ্যেই কাজ শেষের লক্ষ্যমাত্রা

দেশভাগের উদ্বাস্তুদের স্মরণে শিয়ালদহে স্মৃতিসৌধ, নভেম্বরের মধ্যেই কাজ শেষের লক্ষ্যমাত্রা

6 views
A+A-
Reset

কলকাতা: দেশভাগের যন্ত্রণা ও উদ্বাস্তুদের সংগ্রামকে স্মরণ করে কলকাতার শিয়ালদহ স্টেশনে তৈরি হতে চলেছে বিশেষ স্মৃতিসৌধ। দেশভাগের সময় ঘরবাড়ি ছেড়ে পশ্চিমবঙ্গ ও তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ভারতে আসতে বাধ্য হওয়া মানুষদের সম্মান জানাতেই এই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। নভেম্বরের মধ্যে স্মৃতিসৌধ নির্মাণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই ঘোষণা করেন। তিনি জানান, দেশভাগের শিকার মানুষের স্মৃতিকে সম্মান জানাতেই শিয়ালদহ রেলস্টেশনে এই স্মৃতিসৌধ তৈরি করা হবে।

১৯৪৭ সালের দেশভাগের সময় রাতারাতি ঘরবাড়ি, জমিজমা এবং প্রিয়জনকে ছেড়ে বহু মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছিলেন। সীমান্ত পেরিয়ে তাঁদের একটা বড় অংশ আশ্রয় নিয়েছিলেন পশ্চিমবঙ্গে। সেই উদ্বাস্তু মানুষের জীবনের সঙ্গে শিয়ালদহ স্টেশনের ইতিহাসও ওতপ্রোতভাবে জড়িত। ফলে স্মৃতিসৌধ তৈরির জন্য শিয়ালদহকে বেছে নেওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টসের সদস্য সচিব সচ্চিদানন্দ যোশী জানিয়েছেন, এ বছর দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস উপলক্ষে পাঞ্জাবের অমৃতসর এবং পশ্চিমবঙ্গের কলকাতায় বড় আকারের অনুষ্ঠান হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, শিয়ালদহ স্টেশনে তৈরি হতে চলা স্মৃতিসৌধে দেশভাগের কারণে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হওয়া পশ্চিমবঙ্গ এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের সংগ্রামকে স্মরণ করা হবে।

স্মৃতিসৌধটি কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তত্ত্বাবধানে তৈরি হবে বলে জানা গিয়েছে। নির্মাণকাজ নভেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, স্বাধীনতার ৮০ বছর পূর্তি উপলক্ষে ৯ অগস্ট থেকে ১৪ অগস্ট দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানেই শিয়ালদহে দেশভাগের উদ্বাস্তুদের স্মরণে স্মৃতিসৌধ তৈরির ঘোষণা করা হয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.