প্রথম পাতা খবর নেপাল থেকে কলকাতায় ফিরলেন খরাজ, সস্ত্রীক নিরাপদে শহরে অভিনেতা

নেপাল থেকে কলকাতায় ফিরলেন খরাজ, সস্ত্রীক নিরাপদে শহরে অভিনেতা

6 views
A+A-
Reset

নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আটকে পড়ার পর অবশেষে কলকাতায় ফিরলেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। শুক্রবার সস্ত্রীক কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়। গত দু’দিন ধরে অভিনেতার নেপালে আটকে থাকার খবর ছড়িয়ে পড়ায় উদ্বেগে ছিলেন তাঁর অনুরাগীরা। এ বার শহরে ফিরে নিজেই জানালেন, তাঁরা দু’জনেই নিরাপদে রয়েছেন।

বাংলাদেশের ছবি ‘শিকার’-এর শুটিং করতে নেপালে গিয়েছিলেন খরাজ। পোখরায় চলছিল ছবির শুটিং। কিন্তু হড়পা বান, ভূমিকম্প এবং ভূমিধসের জেরে নেপালের একাধিক এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে শুটিং বন্ধ হয়ে যায় এবং কলকাতায় ফেরার পথ নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা।

শেষ পর্যন্ত পোখরা থেকে সড়কপথে ঘুরে গোরখপুরে পৌঁছন খরাজ ও তাঁর স্ত্রী। সেখান থেকে বিমানে কলকাতায় ফেরেন তাঁরা।

কলকাতা বিমানবন্দরে নেমে খরাজ বলেন, “আমি এবং স্ত্রী প্রতিভা কলকাতায় ফিরলাম। আমরা পোখরায় শুটিং করতে গিয়েছিলাম। তার পর অনেক সমস্যা পেরিয়ে গোরখপুরে আসি। সেখান থেকে কলকাতায়। বহু মানুষ চিন্তাপ্রকাশ করেছেন। সকলের ভালবাসায় আমরা সাবধানে কলকাতায় ফিরতে পেরেছি। আগামী দিনে আরও অনেক ভাল কাজ উপহার দেব আশা করছি।”

অভিনেতার ছেলে বিহু মুখোপাধ্যায়ও গত দু’দিন ধরে সমাজমাধ্যমে বাবার পরিস্থিতির কথা জানিয়েছিলেন। খরাজ ও তাঁর স্ত্রী নিরাপদে কলকাতায় ফেরায় স্বস্তি ফিরেছে পরিবার এবং অনুরাগীদের মধ্যে।

একই সময়ে নেপালে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাসও। তিনিও জানিয়েছিলেন, নেপালে থাকলেও তিনি নিরাপদে রয়েছেন। ‘শিকার’ ছবির শুটিংয়ের জন্য নেপালে থাকা অন্য সদস্যরাও নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। অপু বিশ্বাসের শুক্রবার কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা।

অন্য দিকে, একই ছবির শুটিংয়ে নেপালে গিয়েছিলেন অভিনেতা রজতাভ দত্তও। তবে দুর্যোগ আরও ভয়াবহ আকার নেওয়ার আগেই তিনি কলকাতায় ফিরে আসেন।

নেপালের সাম্প্রতিক বিপর্যয়ে একাধিক এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে শুটিং করতে গিয়ে আটকে পড়া খরাজের নিরাপদে কলকাতায় ফিরে আসায় আপাতত স্বস্তি ফিরেছে তাঁর পরিবার, সহকর্মী এবং অনুরাগীদের মধ্যে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.