প্রথম পাতা খবর ২৮ মে থেকে কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা, কিছুটা কমতে পারে গরমের দাপট

২৮ মে থেকে কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা, কিছুটা কমতে পারে গরমের দাপট

13 views
A+A-
Reset

অবশেষে গরমের অস্বস্তি থেকে কিছুটা স্বস্তির ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহ থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। এর জেরে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৮ মে, বৃহস্পতিবার থেকে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার শহরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। একই সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরের জন্য।

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে শনিবার থেকেই ঝড়বৃষ্টি শুরু হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টির মধ্যেও গরমের অস্বস্তি পুরোপুরি কাটবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভ্যাপসা গরমের পরিস্থিতি বজায় থাকতে পারে।

অন্য দিকে, উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা আরও বেশি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ উপকূলীয় ওড়িশা এবং সংলগ্ন অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার খুব একটা পরিবর্তন না হলেও, তার পরের দু’দিনে পারদ ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে পূর্বাভাস।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.