মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ঘোষিত সরকারি ছুটির তালিকাতেও পরিবর্তন আনল নতুন রাজ্য সরকার। বকরি ইদ উপলক্ষে আগে ঘোষিত দু’দিনের ছুটি বাতিল করে এ বার একদিন ছুটি ঘোষণা করা হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ মে বকরি ইদ উপলক্ষে রাজ্যে সরকারি ছুটি থাকবে।
বছরের শুরুতে প্রকাশিত সরকারি ছুটির তালিকায় ২৬ এবং ২৭ মে বকরি ইদের জন্য ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে। শনিবার জারি হওয়া নতুন বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, ২৬ ও ২৭ মে সরকারি দপ্তরে স্বাভাবিক কাজকর্ম চলবে। কেন্দ্রের ছুটির তালিকার সঙ্গে সামঞ্জস্য রেখে শুধুমাত্র ২৮ মে ছুটি থাকবে।
রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্র এই সংশোধিত বিজ্ঞপ্তি জারি করেছেন। নবান্ন সূত্রে খবর, নতুন সরকার শুরু থেকেই সরকারি দপ্তরে কর্মসংস্কৃতি ফেরানোর উপর জোর দিচ্ছে। শুভেন্দু সরকারের বার্তা, ‘ছুটি সংস্কৃতি’ নয়, সাধারণ মানুষকে দ্রুত পরিষেবা দেওয়াই এখন অগ্রাধিকার।
এর আগেই সরকারি কর্মীদের জন্য হাজিরার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। নির্দেশ অনুযায়ী, সকাল ১০টা ১৫-র মধ্যে অফিসে পৌঁছতে হবে এবং বিকেল ৫টা ১৫-র আগে অফিস ছাড়া যাবে না। অর্থাৎ প্রতিদিন নির্দিষ্ট সাত ঘণ্টা কাজ বাধ্যতামূলক করা হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, বকরি ইদের ছুটি কমানোর সিদ্ধান্তের মাধ্যমে সরকার কর্মসংস্কৃতির উপর গুরুত্ব দেওয়ার স্পষ্ট বার্তা দিতে চেয়েছে। তবে একই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে, দুর্গাপুজোর মতো দীর্ঘ উৎসবের ছুটিতেও ভবিষ্যতে কাটছাঁট করা হবে কি না।