কলকাতা: ১০০ দিনের কাজে ভুয়ো জব কার্ড ব্যবহার রুখতে বড় পদক্ষেপ নিল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন ব্লকে ১০০ দিনের কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই উপস্থিতি নথিভুক্ত করতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। এ জন্য ব্যবহার করা হবে কেন্দ্রের নির্ধারিত NMMS (National Mobile Monitoring System) অ্যাপ।
দফতরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি জব কার্ড হোল্ডারকে কাজের স্থানে উপস্থিতি নথিভুক্ত করার সময় মুখের ছবি যাচাই বা ফেস অথেনটিকেশনের মাধ্যমে নিজের উপস্থিতি নিশ্চিত করতে হবে। এর ফলে ভুয়ো জব কার্ড ব্যবহার করে কাজ করার সুযোগ অনেকটাই কমবে বলে মনে করছে প্রশাসন।
নির্দেশিকায় বলা হয়েছে, উপস্থিতি গ্রহণের জন্য ব্যবহৃত মোবাইল ফোন বা ডিভাইসের তথ্য আগে থেকেই NREGA-Soft-এর D20 মডিউলে আপলোড করা থাকতে হবে।
কমিউনিটি প্রকল্পগুলিতে উপস্থিতি নেওয়ার দায়িত্বে থাকবেন মেট (Mate) বা সুপারভাইজার। অন্যদিকে Individual Beneficiary Scheme (IBS)-এর ক্ষেত্রে উপস্থিতি নেবেন গ্রাম রোজগার সহায়ক (GRS)। যদি কোনও কারণে GRS অনুপস্থিত থাকেন, তাহলে তাঁর দায়িত্বপ্রাপ্ত অন্য কর্মী এই কাজ করতে পারবেন।
দফতর আরও জানিয়েছে, প্রতিটি ইলেকট্রনিক মাস্টার রোল (e-MR)-এর সঙ্গে নির্দিষ্ট মেট বা সুপারভাইজারকে ট্যাগ করা বাধ্যতামূলক। একবার কোনও সুপারভাইজারের সঙ্গে e-MR ট্যাগ হয়ে গেলে অন্য কেউ সেই মাস্টার রোলে উপস্থিতি নথিভুক্ত করতে পারবেন না।
নিয়ম অনুযায়ী, কাজ শুরু হওয়ার অন্তত ২৪ ঘণ্টা আগে e-MR ট্যাগিং সম্পূর্ণ করতে হবে। এরপর NMMS অ্যাপে লগ-ইন করে Muster Roll ডাউনলোড, Face Authentication-এর মাধ্যমে উপস্থিতি গ্রহণ এবং তা অ্যাপে আপলোড করার পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রশাসনের মতে, এই নতুন ব্যবস্থা চালু হলে ১০০ দিনের কাজের প্রকল্পে স্বচ্ছতা বাড়বে এবং ভুয়ো জব কার্ড বা অনিয়মের সুযোগ কমবে। একই সঙ্গে প্রকৃত শ্রমিকদের কাজ ও মজুরি প্রদানের প্রক্রিয়াও আরও নির্ভুল হবে বলে আশা করা হচ্ছে।