প্রথম পাতা খবর ‘উই উইল ডু ইট’, প্রশাসক জীবনের ২৫ বছরে ছয় লক্ষ্যের কথা বললেন মোদী

‘উই উইল ডু ইট’, প্রশাসক জীবনের ২৫ বছরে ছয় লক্ষ্যের কথা বললেন মোদী

13 views
A+A-
Reset

প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত ‘বিকশিত ভারত সঙ্কল্প সভা’-য় নিজের দীর্ঘ রাজনৈতিক-প্রশাসনিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরার পাশাপাশি আগামী দিনের জন্য একাধিক লক্ষ্যের কথা জানান তিনি। ভাষণে বার বার উঠে আসে—‘উই উইল ডু ইট’, অর্থাৎ ‘আমরা এটা করব’—এই বার্তা।

২০০১ সালের ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মোদী। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে প্রায় ১৩ বছর গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। সেই হিসাবে বুধবার প্রশাসনের শীর্ষে তাঁর ২৫ বছর পূর্ণ হল। এই উপলক্ষে বিজেপি দেশজুড়ে ‘সেবা সঙ্কল্প অভিযান’-এর বিভিন্ন কর্মসূচি নিয়েছে।

এদিনের ভাষণে ২০৪৭ সালের মধ্যে ভারতকে ‘বিকশিত ভারত’-এ পরিণত করার লক্ষ্যের কথা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিশ্বের শীর্ষ তিন অর্থনীতির মধ্যে ভারতকে নিয়ে যাওয়ার সংকল্পও জানান। তাঁর ঘোষিত ছয়টি লক্ষ্যের মধ্যে রয়েছে—২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত, বিশ্বের সেরা তিন অর্থনীতির একটি হওয়া, আত্মনির্ভরতা, ভারতকে বিশ্বের অন্যতম প্রধান ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলা, মহাকাশ গবেষণা ও প্রযুক্তিতে ভারতের অবস্থান আরও শক্তিশালী করা এবং দেশে বিশ্বমানের অলিম্পিক আয়োজন।

মোদী বলেন, এই লক্ষ্যগুলি শুধু সরকারের নয়, দেশবাসীর সম্মিলিত সংকল্প। তাঁর বক্তব্যে মহাকাশে ভারতীয় নভশ্চর পাঠানো এবং দেশে অলিম্পিক আয়োজনের কথাও উঠে আসে। সেই সময় সভায় উপস্থিত দর্শকদের একাংশ ‘উই উইল ডু ইট’ স্লোগান দেন।

প্রশাসক হিসেবে নিজের ২৫ বছরের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বিভিন্ন ঘটনা ও অভিজ্ঞতা থেকে তিনি শিক্ষা নিয়েছেন এবং এখনও নিজেকে একজন ‘শিক্ষার্থী’ মনে করেন। কর্মীদের সহযোগিতার কথাও উল্লেখ করে মোদী বলেন, রাষ্ট্রের সেবায় নিজেকে কখনও একা মনে হয়নি।

এর আগে বুধবার সকালে দিল্লির শ্রী বিনায়ক মন্দিরে পুজো দেন মোদী। দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছেন বলে জানান তিনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.