নিজস্ব সংবাদদাতা, কলকাতা: উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল থেকে অতিপ্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ২-৩ দিন পার্বত্য এলাকায় ভূমিধস, নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে পারে এবং নীচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে অতিবৃষ্টির জেরে কৃষিজমির ফসলেরও ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর ওড়িশা এবং সংলগ্ন ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থানরত নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টায় দুর্বল হয়ে যাবে। তবে তার প্রভাবেই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। যদিও আপাতত মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা জারি করা হয়নি।
আজ ও আগামীকাল জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে অতিভারী বৃষ্টির সম্ভাবনায়। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। বুধবার জলপাইগুড়ির কিছু এলাকায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে।
আবহাওয়া দপ্তর বিশেষভাবে সতর্ক করেছে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য অঞ্চল নিয়ে। সেখানে ভারী বৃষ্টির জেরে ভূমিধসের আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে পারে, যার ফলে নীচু এলাকায় জল জমা ও প্লাবনের পরিস্থিতি তৈরি হতে পারে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম। শনিবার কলকাতা-সহ অধিকাংশ জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি না হলে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।
শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে একই ধরনের আবহাওয়া থাকবে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।