পটনা: এতদিন নির্বাচনী কৌশলবিদ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলকে জেতানোর জন্য পরিচিত ছিলেন। এবার নিজেই নির্বাচনে লড়ে ইতিহাস গড়লেন প্রশান্ত কিশোর। বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জিতে প্রথমবারের মতো বিধায়ক হলেন জন সুরাজ পার্টির (JSP) প্রতিষ্ঠাতা।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, দীর্ঘদিনের বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুরেই এই জয় এসেছে। এই কেন্দ্র থেকেই একাধিকবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন বিজেপির নেতা নীতিন নবীন। সম্প্রতি তিনি রাজ্যসভার সদস্য হওয়ায় কেন্দ্রটি শূন্য হয়েছিল।
জয়ের পর বাঁকিপুরের ভোটারদের ধন্যবাদ জানিয়ে প্রশান্ত কিশোর বলেন, বিহারের মানুষ উন্নত শিক্ষা, কর্মসংস্থান এবং সুশাসনের পক্ষে রায় দিয়েছেন। তাঁর দাবি, এই ফলাফলের মাধ্যমে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও স্পষ্ট বার্তা পৌঁছেছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বিহারের মানুষ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বার্তা দিয়েছেন যে, রাজ্যের জন্য এমন একজন মুখ্যমন্ত্রী নির্বাচন করা উচিত, যাঁর ভাবমূর্তি পরিষ্কার এবং যিনি শিক্ষা ও কর্মসংস্থানের উন্নয়নে কাজ করবেন। অপরাধমূলক অতীত বা প্রশ্নবিদ্ধ ভাবমূর্তির কাউকে বিহারের মানুষ নেতৃত্বে দেখতে চান না।”
ছাত্র আন্দোলনের আবহে ভোট
সম্প্রতি দেশজুড়ে ছাত্র আন্দোলন এবং শিক্ষাসংক্রান্ত ইস্যু রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসে। বিশেষ করে জেন জি ভোটারদের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠান-ঘেরা এবং তরুণ ভোটারের সংখ্যাধিক্যের কারণে বাঁকিপুর কেন্দ্রকে ঘিরে বিশেষ আগ্রহ ছিল রাজনৈতিক বিশ্লেষকদের।
অনেকের মতে, এই উপনির্বাচন ছিল তরুণ ভোটারদের মনোভাব বোঝার অন্যতম পরীক্ষা। যদিও ভোটের আগে বিজেপি নেতৃত্ব দাবি করেছিল, যুবসমাজ এখনও তাদের সঙ্গেই রয়েছে।
বিজেপির প্রার্থী বদল
এই উপনির্বাচনে বিজেপি প্রথমে অভিষেক কুমার সিনহাকে প্রার্থী করলেও, তিনি মনোনয়ন জমা দেওয়ার আগের দিন পারিবারিক কারণ দেখিয়ে সরে দাঁড়ান। পরে বিজেপি যুব মোর্চার নেতা নীরজ কুমারকে প্রার্থী করে। অন্যদিকে, আরজেডি প্রার্থী করেছিল রেখা কুমারীকে।
জন সুরাজের প্রথম জয়
২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে আত্মপ্রকাশ করলেও জন সুরাজ কোনও আসন জিততে পারেনি। সেই নির্বাচনে প্রশান্ত কিশোর নিজেও প্রতিদ্বন্দ্বিতা করেননি। তবে এক বছর পর বাঁকিপুরে জয় এনে দলকে প্রথম বিধানসভা আসন উপহার দিলেন তিনি। একই সঙ্গে এটি প্রশান্ত কিশোরেরও প্রথম নির্বাচনী জয়।
এই জয়ের পর জন সুরাজের বিহার সভাপতি মনোজ ভারতী বলেন, বাঁকিপুরের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। তাঁর দাবি, নীরব ভোটারদের বড় অংশ জন সুরাজের পাশে দাঁড়িয়েছেন এবং বিহারে গণতন্ত্রকে শক্তিশালী করার পথে এটি একটি গুরুত্বপূর্ণ জয়।