কলকাতার লোকভবনে (সাবেক রাজভবন) আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন রবীন্দ্র নারায়ণ রবি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। তাঁকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু-সহ রাজ্যের একাধিক বিশিষ্ট ব্যক্তি।
নির্ধারিত সময় মেনেই অনুষ্ঠান শুরু হয়। শপথগ্রহণের আগে এবং পরে জাতীয় গান ‘বন্দে মাতরম্’ এবং জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ পরিবেশন করা হয়। শপথ নেওয়ার পর নতুন রাজ্যপাল উপস্থিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। রাজ্যের প্রশাসনিক মহলে নতুন রাজ্যপালের দায়িত্বগ্রহণকে ঘিরে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। আগামী দিনে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন প্রশাসনিক বিষয়ে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে।