দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে বাইক চলাচল নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আদালতের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ভোটের ৪৮ ঘণ্টা আগে দল বেঁধে বাইক চালানো যাবে না। তবে ব্যক্তিগতভাবে বাইক নিয়ে বেরোনোর ক্ষেত্রে কোনও বাধা দেওয়া যাবে না।
এই মামলার শুনানিতে বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয়কুমার গুপ্ত-এর ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দেয়, ‘গ্রুপ রাইডিং’-এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে ব্যক্তিস্বাধীনতার বিষয়টিও সমানভাবে গুরুত্বপূর্ণ। আদালতের পর্যবেক্ষণ, কেউ যদি একা বাইক নিয়ে বেরোতে চান, তা আটকানো যাবে না।
এর আগে নির্বাচন কমিশনের নির্দেশে বাইক চলাচলে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। সেই নির্দেশকে আংশিক সংশোধন করে বিচারপতি কৃষ্ণা রাও-এর একক বেঞ্চ বাইক র্যালি নিষিদ্ধ রাখলেও কিছু ক্ষেত্রে ছাড় দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় নির্বাচন কমিশন। তবে ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের নির্দেশ পুরোপুরি খারিজ করেনি।
আদালত জানিয়েছে, অন্য রাজ্যে এ ধরনের বিধিনিষেধের নজির দেখাতে পারেনি কমিশন। তাই সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ যুক্তিযুক্ত নয়। তবে আইনশৃঙ্খলা বজায় রাখতে দলবদ্ধ বাইক রাইডিং বন্ধ রাখার নির্দেশ বহাল রাখা হয়েছে।
উল্লেখ্য, ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের আগে সোমবার থেকেই এই নির্দেশ কার্যকর হবে। একই দিনে রাজ্যে নির্বাচনী প্রচারের শেষ দিন হওয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের বাইক র্যালির পরিকল্পনা থাকলেও আদালতের নির্দেশে তা আর করা যাবে না। ফলে ভোটের আগে রাজ্যে রাজনৈতিক কর্মসূচির ছবিতে বড় পরিবর্তন আসতে চলেছে।