গ্রীষ্মের তীব্র দাবদাহে পথচলতি মানুষের তৃষ্ণা মেটাতে মানবিক উদ্যোগ নিল সাঁত্রাগাছি শ্রীশ্রী মা গোষ্ঠী। প্রতি বছরের মতো এবারও ৯ জুন ২০২৬, মঙ্গলবার হাওড়ার রামরাজাতলা বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় জলসত্র সেবাব্রতের আয়োজন করা হয়।
বেলুড় মঠের সেবার আদর্শে অনুপ্রাণিত এই সংগঠনের সেবাব্রতীরা সকাল থেকেই রামরাজাতলার বিভিন্ন ব্যস্ত এলাকায় অবস্থান করে অসংখ্য পথচারী, যাত্রী ও সাধারণ মানুষের হাতে পানীয় জল তুলে দেন। প্রচণ্ড গরমে এই উদ্যোগে স্বস্তি পান বহু মানুষ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র এই বিশেষ দিনেই নয়, সারা বছর ধরেই বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত রাখেন তাঁরা। অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের মূল লক্ষ্য।
এদিনের এই পবিত্র কর্মযজ্ঞে বহু স্বেচ্ছাসেবী ও শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই জলসত্র কর্মসূচি এলাকার মানুষের প্রশংসা কুড়িয়েছে। মানবসেবাকেই ঈশ্বরসেবা হিসেবে মেনে সাঁত্রাগাছি শ্রীশ্রী মা গোষ্ঠীর এই উদ্যোগ সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।