আগামী ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। ভোটের আগে শেষ দিনের প্রচারে আজ ফলতায় দিনভর বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে প্রচারে নামছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, সকাল প্রায় ১১টা নাগাদ ফলতায় পৌঁছনোর কথা তাঁর এবং বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন এলাকায় প্রচারে অংশ নেবেন তিনি।
নির্বাচনের আগে শেষ দিনের প্রচারে শুভেন্দুর উপস্থিতি ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। দেবাংশু পণ্ডাকে জয়ের লক্ষ্যে এগিয়ে দিতে সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে বিজেপি শিবির।
উল্লেখ্য, ফলতা কেন্দ্রের ভোটগ্রহণে একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসার পর নির্বাচন কমিশন নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে গোটা নির্বাচন প্রক্রিয়াই বাতিল ঘোষণা করেছিল। অভিযোগ উঠেছিল, কয়েকটি বুথে ইভিএমে বিরোধী প্রার্থীর নামের পাশে সেলোটেপ লাগানো ছিল। পাশাপাশি ভোটে অনিয়ম, প্রভাব খাটানো এবং বিশৃঙ্খলার অভিযোগও সামনে আসে।
এই ঘটনার পর আগামী বৃহস্পতিবার পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে ২৪ মে পর্যন্ত, সেদিনই ভোট গণনা হবে।
এর আগেও গত শনিবার ফলতায় সভা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে তৃণমূল প্রার্থীকে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে রাজনৈতিক বার্তা দেন তিনি। পাশাপাশি বিজেপি প্রার্থীকে বড় ব্যবধানে জেতানোর আবেদনও জানান উপস্থিত সমর্থকদের কাছে। এবার পুনর্নির্বাচনের আগে ফলতার রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়েছে। তৃণমূল ও বিজেপির মুখোমুখি সংঘর্ষের আবহে ফলতার ভোট কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।