কলকাতা: আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত রাজনৈতিক ময়দান। বৃহস্পতিবার দুপুরে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে গিয়ে বিস্ফোরক দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের জারি করা ১৬৩ ধারা এবং কড়াকড়ির জেরে একেবারে অকুস্থলে না গেলেও, দূর থেকেই রাজ্য সরকারকে তীব্র নিশানা করেন তিনি। শুভেন্দুর দাবি, এখনও অন্তত ২০ জন নিখোঁজ এবং মৃতের সংখ্যা বেড়ে ৪০ ছুঁতে পারে।
নাজিরাবাদের ধ্বংসস্তূপে তথ্যপ্রমাণ রক্ষার স্বার্থে পাঁচ জনের বেশি জমায়েত নিষিদ্ধ করে ১৬৩ ধারা জারি করেছিল পুলিশ। বারুইপুর আদালতের অনুমতি নিয়ে পুলিশের গার্ডরেলে সেই বিজ্ঞপ্তির পোস্টারও সাঁটানো ছিল। এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ বিজেপি বিধায়কদের নিয়ে সেখানে পৌঁছান শুভেন্দু। তবে আইনের প্রতি দায়বদ্ধতা দেখিয়ে কিছুটা দূরেই গাড়ি থেকে নেমে পড়েন তিনি। শুভেন্দু বলেন, “আমরা আইন মানা লোক। বিধায়ক হিসেবে আইন মেনেই আমরা ১০০ মিটার দূর থেকে পরিস্থিতি দেখব।”
ঘটনাস্থল পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। শুভেন্দুর তোপ, “মুখ্যমন্ত্রী তাঁর রাজধর্ম পালন করেননি। তাঁর বাড়ি এখান থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে হওয়া সত্ত্বেও তিনি কেন এখনও এলেন না?” নিখোঁজ ব্যক্তিদের নিয়ে রাজ্য প্রশাসনের তথ্যের সঙ্গে শুভেন্দুর দাবি ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
বিরোধী দলনেতার অভিযোগ, অগ্নিকাণ্ডের ভয়াবহতা প্রশাসন যা বলছে তার চেয়েও অনেক বেশি। নিখোঁজ ২০ জনের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি তিনি পুরো ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি জানান। অন্যদিকে, নাজিরাবাদের ওই ভস্মীভূত গুদামে এখনও উদ্ধারকাজ ও তল্লাশি জারি রেখেছে প্রশাসন।