প্রথম পাতা খবর রাষ্ট্রপতির প্রাতরাশের আমন্ত্রণ ফিরিয়ে দিল তৃণমূল, রমজানের কারণ দেখিয়ে অনুপস্থিতির সিদ্ধান্ত

রাষ্ট্রপতির প্রাতরাশের আমন্ত্রণ ফিরিয়ে দিল তৃণমূল, রমজানের কারণ দেখিয়ে অনুপস্থিতির সিদ্ধান্ত

14 views
A+A-
Reset

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উত্তরবঙ্গ সফর ঘিরে কেন্দ্র ও রাজ্যের মধ্যে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্কের আবহেই নতুন করে উত্তেজনা তৈরি হল। আগামী সোমবার রাষ্ট্রপতি ভবনে সাংসদদের সঙ্গে প্রাতরাশের অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে শাসকদল।

রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের নিয়ে একটি প্রাতরাশের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজে উপস্থিত থেকে সাংসদদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও প্রাতরাশ করবেন। তবে ওই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের সাংসদরা যোগ দেবেন না।

শুক্রবার তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক নাদিমুল হক রাষ্ট্রপতি ভবনকে লিখিতভাবে জানিয়েছেন, তৃণমূলের আমন্ত্রিত সাংসদরা সোমবারের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। শাসকদলের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাস উপলক্ষে দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ দিনভর উপবাস পালন করেন। সেই কারণে তাঁদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানাতেই তৃণমূল এই অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, এর একদিন আগেই তৃণমূল সাংসদদের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আবেদন নাকচ করে দেয় রাষ্ট্রপতি ভবন। আদিবাসী সমাজের উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার কী কী কাজ করেছে, তার খতিয়ান রাষ্ট্রপতির হাতে তুলে দিতে চেয়েছিলেন তৃণমূলের সাংসদেরা।

উল্লেখ্য, গত শনিবার আন্তর্জাতিক আদিবাসী কনফারেন্সে যোগ দিতে পশ্চিমবঙ্গে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শিলিগুড়ির বিধাননগরে তাঁর নির্ধারিত অনুষ্ঠানস্থল নিরাপত্তার কারণে বাগডোগরার কাছে গোঁসাইপুরে সরিয়ে নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। পরে তিনি বিধাননগরে গিয়ে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন যে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে রাজ্যের কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে রাষ্ট্রপতিকে অপমান করার অভিযোগ তোলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী এই ইস্যুতে সরব হন। যদিও তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে পাল্টা জবাব দিয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.