বিধানসভার সই জাল-কাণ্ড ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মাঝেই বড় সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। দলবিরোধী কাজের অভিযোগে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে বহিষ্কার করা হয়েছে।
তৃণমূল সূত্রে খবর, বহিষ্কারের সিদ্ধান্ত ইতিমধ্যেই দুই বিধায়ককে ইমেল এবং হোয়াট্সঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
সোমবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভার সই জাল-কাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাই লিখিতভাবে স্পিকারের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই বিধানসভার সচিবালয় হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করে।
মুখ্যমন্ত্রী আরও জানান, পুলিশমন্ত্রী হিসেবে বিষয়টি তাঁর নজরে আসার পর তদন্তে সিআইডিকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়। ঘটনার গুরুত্ব বিবেচনা করেই তদন্তের দায়িত্ব সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
রাজনৈতিক মহলের নজর কেড়েছে আর একটি বিষয়। শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠক শেষ হওয়ার মাত্র ১৫ মিনিটের মধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় তৃণমূল। ফলে এই পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক জল্পনা আরও তীব্র হয়েছে।
তৃণমূলের তরফে এখনও বিস্তারিত ব্যাখ্যা না দেওয়া হলেও, দলীয় সূত্রের দাবি, দলের নীতি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সই জাল-কাণ্ডের তদন্ত কোন দিকে এগোয় এবং বহিষ্কৃত দুই বিধায়কের পরবর্তী রাজনৈতিক অবস্থান কী হয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।