প্রথম পাতা খবর কেন্দ্রীয় বাজেট ২০২৬: বাংলার জন্য জোড়া শিল্প করিডর ও শিলিগুড়িতে হাইস্পিড রেল, ১ এপ্রিল থেকে কার্যকর নতুন আয়কর আইন

কেন্দ্রীয় বাজেট ২০২৬: বাংলার জন্য জোড়া শিল্প করিডর ও শিলিগুড়িতে হাইস্পিড রেল, ১ এপ্রিল থেকে কার্যকর নতুন আয়কর আইন

25 views
A+A-
Reset

নয়াদিল্লি: মোদি ৩.০ সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেটে পশ্চিমবঙ্গের জন্য একগুচ্ছ বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রবিবার সংসদ ভবনে ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করার সময় তিনি জানান, বাংলার শিল্প পরিকাঠামো বদলে দিতে দুর্গাপুরে একটি শিল্প করিডর এবং ডানকুনিতে পণ্য পরিবহণের জন্য বিশেষ করিডর গড়ে তোলা হবে। একই সাথে পর্যটন ও যোগাযোগের গুরুত্ব বুঝে শিলিগুড়িতে একটি হাইস্পিড রেল করিডর তৈরির প্রস্তাবও দিয়েছেন অর্থমন্ত্রী।

বাজেটের অন্যতম বড় ঘোষণা হলো নতুন আয়কর আইন, যা আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী, অডিট প্রয়োজন নেই এমন ব্যবসা বা ট্রাস্টের ক্ষেত্রে ৩১ অগস্ট পর্যন্ত এবং সাধারণ করদাতারা ৩১ জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। রাজকোষ ঘাটতির লক্ষ্যমাত্রা জিডিপির ৪.৩ শতাংশে বেঁধে রাখার পরিকল্পনা করেছে কেন্দ্র।

নারী ক্ষমতায়ন এবং যুবসমাজের কর্মসংস্থানেও বিশেষ নজর দেওয়া হয়েছে এবারের বাজেটে। ‘লাখপতি দিদি’ কর্মসূচির সাফল্যের পর এবার মহিলাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিশেষ সহায়তা প্রকল্পের ঘোষণা করা হয়েছে। প্রতিটি জেলায় একটি করে মহিলা হস্টেল তৈরি করবে কেন্দ্র। পাশাপাশি, দেশে ১৬ হাজার নতুন সেকেন্ডারি স্কুল এবং ৩টি নতুন এমস (AIIMS) তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিষেবা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর প্রভাব পর্যালোচনা করতে এবং এই ক্ষেত্রে ভারতের বিশ্ববাজার দখল করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হচ্ছে।

খেলোয়াড়দের জন্য ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্পের রূপান্তর এবং ওড়িশা ও দক্ষিণ ভারতে বিরল খনিজ হাব তৈরির ঘোষণাও করেছেন নির্মলা। বস্ত্রশিল্পের হারানো গৌরব ফেরাতে আসছে ‘মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ’ প্রকল্প ও মেগা টেক্সটাইল হাব। সেমিকন্ডাক্টর মিশনে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের পাশাপাশি বারাণসী ও পটনায় জাহাজ মেরামতের কেন্দ্র গড়ার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। সব মিলিয়ে পরিকাঠামো, কর্মসংস্থান এবং প্রযুক্তিতে ভর করেই ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে এগোতে চাইছে কেন্দ্র।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.