প্রথম পাতা খবর সক্রিয় নিম্নচাপ, সঙ্গে বর্ষার অক্ষরেখা! চলতি সপ্তাহে বাড়বে বৃষ্টি, ৬ জেলায় কমলা সতর্কতা

সক্রিয় নিম্নচাপ, সঙ্গে বর্ষার অক্ষরেখা! চলতি সপ্তাহে বাড়বে বৃষ্টি, ৬ জেলায় কমলা সতর্কতা

8 views
A+A-
Reset

সক্রিয় রয়েছে নিম্নচাপ অঞ্চল। তার সঙ্গে সক্রিয় বর্ষাকালীন অক্ষরেখাও। এই দুইয়ের প্রভাবে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে সতর্কতা।

হাওয়া অফিস জানিয়েছে, বর্ষাকালীন অক্ষরেখা রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। এরপর তা পূর্ব দিকে বিস্তৃত হয়ে ত্রিপুরা পর্যন্ত পৌঁছেছে। উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকার উপর একটি নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে। তার সঙ্গে থাকা ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতায় রয়েছে।

এ ছাড়াও গুজরাত থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা উত্তরপ্রদেশের নিম্নচাপ অঞ্চলটির উপর দিয়েই গিয়েছে। এই আবহাওয়া ব্যবস্থাগুলির প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।

সোমবার কোথায় ভারী বৃষ্টি?

সোমবার বীরভূম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির জন্য পুরুলিয়া এবং বাঁকুড়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার আরও কয়েকটি জেলায় সতর্কতা

মঙ্গলবার বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবারও চলবে বৃষ্টি

বুধবার পর্যন্ত প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন আলাদা করে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়।

বুধবারের পর দক্ষিণবঙ্গের কোনও জেলায় আপাতত কোনও বিশেষ আবহাওয়া সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। তবে যে কোনও জেলায় বিক্ষিপ্ত ভাবে দু’-এক পশলা বৃষ্টি হতে পারে।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

কলকাতায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টি

উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহে বুধবার বৃষ্টি বাড়তে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টিই চলবে।

তবে সপ্তাহান্তে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

অর্থাৎ, চলতি সপ্তাহে একদিকে নিম্নচাপ, অন্যদিকে সক্রিয় বর্ষার অক্ষরেখার প্রভাবে উত্তর থেকে দক্ষিণ—দুই বঙ্গেই বৃষ্টির দাপট বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.