প্রথম পাতা খবর সদ্য সুযোগ পেয়েছিলেন পিজিতে, যোগ দেওয়ার আগেই লরির চাকায় পিষে মর্মান্তিক মৃত্যু তরুণ চিকিৎসকের

সদ্য সুযোগ পেয়েছিলেন পিজিতে, যোগ দেওয়ার আগেই লরির চাকায় পিষে মর্মান্তিক মৃত্যু তরুণ চিকিৎসকের

230 views
A+A-
Reset

কলকাতা: মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন রাজ্যের এক তরুণ ও প্রতিশ্রুতিমান চিকিৎসক। হাসপাতাল থেকে ডিউটি সেরে বাড়ি ফেরার পথে লরির চাকায় পিষে মৃত্যু হলো তাঁর। মৃত চিকিৎসকের নাম চয়নদীপ দাস (৩০)। মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে দুর্ঘটনাটি ঘটে। বুধবার কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ চণ্ডীপুর ব্লকের ইরাশাল গ্রামীণ হাসপাতাল থেকে কাজ সেরে বাইকে বাড়ি ফিরছিলেন ডা: চয়নদীপ দাস। ফেরার পথে কোনওভাবে তাঁর বাইকটি উল্টে রাস্তায় পড়ে যায়। ঠিক সেই মুহূর্তেই একটি দ্রুতগতির লরি তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়।

রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানেই বুধবার তাঁর মৃত্যু হয়।

মেদিনীপুরের বাসিন্দা চয়নদীপ এসএসকেএম থেকেই ২০১৩ ব্যাচে ডাক্তারি পাস করেন। বর্তমানে তিনি পূর্ব মেদিনীপুরের ইরাশাল গ্রামীণ হাসপাতালে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও চিকিৎসকমহলে। কারণ, চলতি বছরেই তিনি নিট-পিজি (NEET-PG) উত্তীর্ণ হয়েছিলেন এবং কলকাতার বিসি রায় হাসপাতালে শিশুরোগ বিভাগে (Pediatrics) স্নাতকোত্তর পড়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু সেই নতুন অধ্যায় শুরুর আগেই সব শেষ হয়ে গেল। এসএসকেএমে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.