রাজ্যের ‘যুবসাথী’ প্রকল্পে প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাওয়ার কথা বেকার যুবক-যুবতীদের। যদিও পূর্ব ঘোষণা অনুযায়ী ১ এপ্রিল থেকে টাকা দেওয়ার কথা ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার ধর্নামঞ্চ থেকে ঘোষণা করেন ৭ মার্চ থেকেই আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। সেই অনুযায়ী অনেকেই ইতিমধ্যেই এই প্রকল্পের টাকা পেতে শুরু করেছেন।
তবে এখনও বহু আবেদনকারীর দাবি, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথীর ১৫০০ টাকা জমা পড়েনি। ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে আবেদনকারীদের মধ্যে। অনেকেই জানতে চাইছেন, তাঁদের ফর্ম আদৌ গৃহীত হয়েছে কি না, বা বর্তমানে আবেদনের স্ট্যাটাস কী অবস্থায় রয়েছে।
সূত্রের খবর, অনলাইন এবং অফলাইন— দুই মাধ্যমেই কয়েক লক্ষ আবেদন জমা পড়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৬ ফেব্রুয়ারি। বর্তমানে আবেদনকারীদের বয়স, আধার নম্বর, এবং তারা রাজ্য সরকারের অন্য কোনও প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না— সেই সব তথ্য খুঁটিয়ে যাচাই করা হচ্ছে।
আবেদনকারীরা চাইলে অনলাইনে নিজেদের আবেদনপত্রের বর্তমান অবস্থা যাচাই করতে পারেন। রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের সরকারি পোর্টাল **https://apas.wb.gov.in/**–এ গিয়ে ‘Check Status’ অপশনে ক্লিক করতে হবে। এরপর আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে ‘Get OTP’ বেছে নিতে হবে। নিবন্ধিত মোবাইল নম্বরে আসা ওটিপি প্রবেশ করিয়ে ‘Verify Pin’ অপশনে ক্লিক করলে আবেদন সংক্রান্ত তথ্য দেখা যাবে। যদি তথ্য সিস্টেমে আপলোড হয়ে থাকে, তবে স্ক্রিনে রেজিস্ট্রেশন নম্বর এবং আবেদনপত্রের বিবরণও দেখা যাবে।
তবে বর্তমানে অনেক আবেদনকারী পোর্টালে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না বলেও অভিযোগ উঠেছে। ওয়াকিবহাল মহলের দাবি, কিছু দিনের মধ্যেই পোর্টাল পুরোপুরি সক্রিয় হবে এবং তখন মোবাইল নম্বর ও আধার নম্বর দিয়ে সহজেই স্ট্যাটাস দেখা যাবে।
জানা গিয়েছে, অনলাইনে আবেদন করা ফর্মগুলির যাচাই দ্রুত চলছে। কিন্তু যাঁরা অফলাইনে আবেদন করেছেন, তাঁদের ক্ষেত্রে তথ্য আপলোড হতে আরও কিছুটা সময় লাগতে পারে। ফলে অফলাইন আবেদনকারীদের কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।
এদিকে অনলাইনে স্ট্যাটাস চেক করার সময় অনেকেই ওটিপি দেওয়ার পর আবার নতুন করে ফর্ম ফিলআপের নির্দেশ পাচ্ছেন। এই বিষয়টি নিয়ে বিভ্রান্তিও তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, অফলাইন আবেদন এখনও সিস্টেমে আপলোড না হওয়ায় এই সমস্যা দেখা দিতে পারে।
যুবসাথী প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে এই প্রকল্পের জন্য ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকল্প সংক্রান্ত কোনও তথ্য জানতে বা অভিযোগ জানাতে রাজ্য সরকারের তরফে একটি হেল্পডেস্ক নম্বরও চালু করা হয়েছে। আবেদনকারীরা ৬২৯২২৪৮৮৮৮ নম্বরে ফোন করে নিজেদের প্রশ্নের উত্তর জানতে পারবেন। পরিষেবাটি সোমবার থেকে শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চালু থাকবে।