প্রথম পাতা খবর আগামী ২৫ বছর নিশ্চিন্ত শহরবাসী! গার্ডেনরিচের ময়লা ডিপোতে তৈরি হচ্ছে বিশাল জলপ্রকল্প, সুখবর দিলেন ফিরহাদ

আগামী ২৫ বছর নিশ্চিন্ত শহরবাসী! গার্ডেনরিচের ময়লা ডিপোতে তৈরি হচ্ছে বিশাল জলপ্রকল্প, সুখবর দিলেন ফিরহাদ

89 views
A+A-
Reset

কলকাতা: দ্রুত নগরায়ণ আর বহুতলের ভিড়ে কলকাতায় পানীয় জলের চাহিদা উত্তরোত্তর বাড়ছে। এই ক্রমবর্ধমান চাহিদা সামাল দিতে এবং আগামী ২৫ বছরের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এক মেগা জলপ্রকল্পের ঘোষণা করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। গার্ডেনরিচের বর্তমান ময়লা ডিপোর জমিতেই এই নতুন প্রকল্পটি গড়ে তোলা হবে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে পানীয় জল সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মেয়র এই সুখবর জানান। ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে শহরের ক্রমবর্ধমান জলের চাহিদা এবং ভূগর্ভস্থ জল তোলা নিয়ে উদ্বেগ প্রকাশ করলে, ফিরহাদ হাকিম জানান যে তিনি নিজেই প্রকল্পের জন্য ওই জমিটি নির্বাচন করেছেন। প্রস্তাবিত এই প্রকল্পে প্রতিদিন প্রায় ৪০ মিলিয়ন গ্যালন জল উৎপাদন হবে।

বর্তমানে গার্ডেনরিচ জলপ্রকল্প থেকে কালীঘাট, বেহালা, বাঁশদ্রোণী, চেতলা ও গড়ফাসহ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ করা হয়। কিন্তু শহরে জনঘনত্ব বাড়ায় অনেক ক্ষেত্রেই উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প দিয়ে ভূগর্ভস্থ জল তোলার প্রবণতা বাড়ছে। এই বিষয়ে পুরসভা কড়া নজর রাখছে জানিয়ে মেয়র বলেন, নতুন এই প্রকল্পের কাজ শুরু করার জন্য নবান্নের অনুমতির অপেক্ষা করা হচ্ছে। সবুজ সংকেত পেলেই দ্রুত কাজ শুরু হবে।

রাজনৈতিক মহলের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শহরবাসীর জন্য মেয়রের এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ ও সংলগ্ন কলকাতার জলসংকট পুরোপুরি মিটে যাবে বলে আশাবাদী পুর প্রশাসন। এখন নবান্নের ছাড়পত্র পাওয়ার পর কত দ্রুত এই প্রকল্পের কাজ শেষ হয়, সেদিকেই তাকিয়ে শহরবাসী।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.